টুকরো টুকরো ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উড়ন্ত পাহাড়
পাহাড়কে কখনো উড়তে দেখেছেন? কাল শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্ষনিকের জন্য দেখা গেল উড়ন্ত পাহাড়। এই টেস্টে ব্যাট হাতে বাংলাদেশের সামনে পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন হ্যামিল্টন মাসাকাদজা। শারীরিক আকৃতিতেও তিনি প্রায় ছোটোখাটো পাহাড়। কিন্তু দারুণ ফিট। লম্বা ইনিংস খেলে সেটি প্রমাণ করছেন। ফিল্ডিংয়েও দলের সেরাদের একজন। কাল শূন্যে ভেসে নিলেন দেখার মতো এক ক্যাচ। লং অন দিয়ে তুলে মেরেছিলেন শুভাগত। ছক্কা হবে বলেই মনে হচ্ছিল। কিন্তু গাছ থেকে যেভাবে আম পাড়ে লোকে, সীমানায় দাঁড়ানো মাসাকাদজাও টুক করে লাফ দিয়ে বল পেড়ে আনলেন বাতাস থেকে। এক হাতে দুর্দান্ত ক্যাচ। এতটাই অভাবনীয় ছিল যে আম্পায়ার, ব্যাটসম্যান, ধারাভাষ্যকার, কেউ প্রথমে বুঝে উঠতে পারছিলেন না কী হয়েছে!
স্পিন-বিষ
স্পিন দিয়ে বাংলাদেশের বোলিং শুরু নতুন কিছু নয়। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই চট্টগ্রামে নতুন বলে বোলিং করেছিলেন বাঁহাতি স্পিনার এনামুল হক। এরপর সাকিব, আবদুর রাজ্জাক, ইলিয়াস সানি, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, এমনকি নাসির হোসেনও বোলিং ওপেন করেছেন। কাল তো অবধারিতই ছিল স্পিনে শুরু করা। তাইজুলের সঙ্গে বোলিং ওপেন করলেন সাকিব। সব মিলিয়ে স্পিন দিয়ে বাংলাদেশ ইনিংস শুরু করল ২২ বার। দুপাশেই স্পিনে শুরু এই প্রথম।
মাটি কামড়ে
‘মাটি কামড়ে বল সীমানার বাইরে’—বাংলাদেশের ধারাভাষ্যকারদের প্রিয় একটি লাইন। বলের দাঁত কোথায়, এ প্রশ্ন আপনি তুলতে পারেন, মাটিতে বলের কামড়ের দাগও খুঁজতে পারেন। তবে মাটি কামড়ে বল সীমানায় যেতে দেখলে ভালোই লাগে ব্যাটসম্যানদের। কিন্তু বোলারের বল যদি আসে মাটি কামড়ে! কাল তাইজুলের একটি বল উইকেটে পিচ করে আর উঠলই না প্রায়, ব্যাটসম্যানের গোড়ালি ছুঁয়ে দ্বিতীয় ড্রপ খেয়ে লাগল স্টাম্পে। ফেরার পথে ব্যাটসম্যান মালকম ওয়ালারের চেহারা দেখে মনে হচ্ছিল, এর চেয়ে ভুতুড়ে কিছু আর দেখেননি!
সাকিবগাথা-১
প্রথম বাংলাদেশি বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের ট্রিপল সেঞ্চুরি করেছিলেন সাকিব আগেই। কাল সিকান্দার রাজার উইকেট নিয়ে ছুঁয়ে ফেললেন ৩৫০ উইকেট। বাঁহাতি স্পিনারদের মধ্যে ক্রিকেট ইতিহাসে সাকিবের চেয়ে বেশি আন্তর্জাতিক উইকেট আছে মাত্র দুজনের। ৪২২ ম্যাচে ৬৮১ উইকেট ড্যানিয়েল ভেট্টোরির। স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা সনাৎ জয়াসুরিয়া ৫৮৬ মাচে নিয়েছেন ৪৪০ উইকেট। সাকিবের ৩৫৪ উইকেট ২০৭ ম্যাচে। টেস্টে ১৩৯, ১৭১টি ওয়ানডেতে আর টি-টোয়েন্টিতে ৪৪।
সাকিবগাথা-২
৩০০ টেস্ট উইকেট নেওয়া একমাত্র বাঁহাতি স্পিনার ভেট্টোরি। ডেরেক আন্ডারউডের উইকেট ৩০০ থেকে ৩টি কম। তবে অনেকের কাছেই বাঁহাতি স্পিনের শেষ কথা বিষেণ সিং বেদী। কাল সেই বেদীকে ছুঁয়ে ফেললেন সাকিব। দুজনেরই ৫ উইকেট ১৪ বার । তবে বেদী ১৪ বার পেয়েছেন ৬৭ টেস্টে, সাকিব পেলেন ৩৬ টেস্টেই! সাকিবের সামনে এখন আন্ডারউড (১৭), ভেট্টোরি (২০) ও রঙ্গনা হেরাথ (২১)।
সাকিবগাথা-৩
বল হাতে নিলেই উইকেটে সিঁড়ি বেয়ে তরতর করে উঠে যাচ্ছেন সাকিব। বাঁহাতি স্পিনে সবচেয়ে বেশি উইকেটের তালিকায় গত টেস্টেই ছাড়িয়েছিলেন উইলফ্রেড রোডসকে। এই টেস্টের প্রথম ইনিংসে ছুঁয়েছিলেন পল অ্যাডামসকে (৪৫ টেস্টে ১৩৪)। কাল দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বোলারকে ছাড়িয়ে ছুঁলেন ওয়েস্ট ইন্ডিজের আলফ ভ্যালেন্টাইনকে। দুজনেরই উইকেট ১৩৯, দুজনই খেলেছেন ৩৬ টেস্ট! তবে ভ্যালেন্টাইনের (৬৩) চেয়ে ৩ ইনিংস কম বোলিং করেছেন সাকিব। তাঁর ওপরে আছেন এখন ১১ জন। তবে সাকিবের (৬৩.৭) চেয়ে ভালো স্ট্রাইকরেট (বলপ্রতি উইকেট) শুধু রঙ্গনা হেরাথের (৬৩.৩)। এই গতিতে ছুটতে থাকলে একদিন চূড়ায় ওঠার স্বপ্ন দেখতেই পারেন সাকিব!
কাড়াকাড়ি জড়াজড়ি
জয়ের আনন্দে পরস্পর জড়াজড়ি তো হলোই, তার আগে এক দফা হয়ে গেল কাড়াকাড়ি। ব্যাটসম্যানকে ছাতা হয়ে ঘিরে থাকা ক্লোজ ইন ফিল্ডাররা সবাই যেন তক্কে তক্কে ছিলেন কখন শেষ উইকেটটি পড়ে। আম্পায়ারের আঙুল উঠতে উঠতেই শুরু হলো প্রতিযোগিতা। মুহূর্তেই উধাও তিন স্টাম্প। সবচেয়ে সুবিধাজনক জায়গায় থাকা মুশফিকুর রহিম স্বাভাবিকভাবেই সফল হলেন সবার আগে। সেই আনন্দে মাথার ওপরে তুলে ঘোরাতে থাকলেন স্টাম্প। সেটা গিয়ে লাগল ছুটে আসতে থাকা শুভাগতর মাথায়! সাধের সেই স্টাম্প অবশ্য শেষ পর্যন্ত রাখতে পারেননি অধিনায়ক। সংবাদ সম্মেলন শেষে বললেন, ‘স্টাম্প দিয়ে দিয়েছি একজনকে, সবাই চায়!’
খুলনা-ভাগ্য
খুলনায় চারটি ওয়ানডে খেলে সবগুলোই জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি, কেনিয়া ও জিম্বাবুয়ের বিপক্ষে একটি করে। বাংলাদেশ জিতেছে এই মাঠের একমাত্র টি-টোয়েন্টিও। টেস্টেই শুধু জয় ছিল অধরা। ২০১২ সালে আবুল হাসানের ইতিহাস গড়া সেই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। সৌভাগ্যের ভেন্যুতে এবার ধরা দিল টেস্টের জয়ও।