টুকরো টুকরো ছবি

সেই রেকর্ড, এই ক্যাম্পবেল
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের তখনো হাঁটি হাঁটি পা পা। ১৯৯৩ সালের ডিসেম্বরে অ্যান্ডি ফ্লাওয়ারের দল গেল পাকিস্তান সফরে। ওয়াসিম আকরাম আর ওয়াকার ইউনিসের জুটি তখন ব্যাটসম্যানদের আতঙ্ক। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় ইনিংসে আকরাম-ওয়াকারের তোপ সামলে দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের রেকর্ড জুটি গড়েছিলেন মার্ক ডেকার ও অ্যালিস্টার ক্যাম্পবেল। এরপর অনেক পথ পেরিয়েছে জিম্বাবুয়ের ক্রিকেট, দেখেছে চূড়া পড়েছে খাদে, হয়েছে অনেক ভাঙাগড়া। কিন্তু এই রেকর্ড ছিল অক্ষত। সেদিনের ২১ বছরের তরুণ ক্যাম্পবেল ২১ বছর পর কাল ধারাভাষ্যকক্ষে বসে হাতছাড়া হতে দেখলেন সেই রেকর্ড। দ্বিতীয় উইকেটে ১৬০ রান করলেন হ্যামিল্টন মাসাকাদজা ও সিকান্দার রাজা। সেবার ম্যাচটি হেরেছিল জিম্বাবুয়ে, আকরাম-ওয়াকার মিলে নিয়েছিলেন ম্যাচে ১৬ উইকেট। এবার?
দেয়াল
তাঁর ব্যাট বারবারই দেয়াল হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের সামনে। তবে কাল একবার নিজের শরীরকেই দেয়াল বানালেন হ্যামিল্টন মাসাকাদজা। শফিউলের বলটি মাসাকাদজার ব্যাটের কানায় লেগে যাচ্ছিল স্টাম্পের দিকে। মাসাকাদজাও হতদন্ত হয়ে উল্টো ঘুরে ঠেকাতে গেলেন বল। কিন্তু বল তাঁকে ফাঁকি দিয়ে আচমকা লাফিয়ে শরীরের ওপর দিয়ে চলে গেল উল্টো দিকে। মাসাকাদজা তা দেখতে না পেলেও ঘুরে স্টাম্পের সামনে দাঁড়িয়ে গেলেন দেয়াল হয়ে। বল যেখানেই থাকুক, স্টাম্পের কাছে ঘেঁষতে পারবে না!
সাকিবের আরেকটি
কাল পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে ওই এক উইকেটেই ধরা দিয়েছে আরেকটি দারুণ অর্জন। সাকিব আল হাসান ছুঁয়ে ফেলেছেন এনামুল হক জুনিয়রকে। ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ১৮ উইকেট নিয়েছিলেন এনামুল। বাংলাদেশের হয়ে এক সিরিজে সবচেয়ে বেশি উইকেটের রেকর্ড এটিই। কাল রিচমন্ড মুতুম্বামির উইকেটে সিরিজে সাকিবের উইকেট এখন ১৮। জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে সুযোগ থাকছে এনামুলকে ছাড়িয়ে যাওয়ার। তবে একটা জায়গায় এনামুল থাকছেন শীর্ষেই, তাঁর উইকেট ছিল ২ টেস্টে! ২ ম্যাচের সিরিজে এনামুলের পর বাংলাদেশের সেরা রবিউল ইসলামের ১৫ উইকেট, গত বছর জিম্বাবুয়েতে।
গতির হাসি
আগের দুই টেস্টে বাংলাদেশের পেসাররা ছিলেন বলতে গেলে দর্শক। প্রথম টেস্টে দুই ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন শাহাদাত হেসেন, একটিও নয় আল আমিন হোসেন। দ্বিতীয় টেস্টে এক ইনিংসে দুটি উইকেট পেয়েছিলেন রুবেল হোসেন, শাহাদাত ম্যাচে একটিও নয়। এই ম্যাচের আগে পেসারদের কাছ থেকে তাই বেশি কিছু চেয়েছিলেন মুশফিকুর রহিম। রুবেল-শফিউল সেই উপহার দিলেন অধিনায়ককে। সিরিজে প্রথমবার উইকেট পেলেন বাংলাদেশের দুই পেসারই। দুজনই বল করেছেন দারুণ। উইকেট দুজন মিলে তিনটি, কিন্তু প্রতিটিই ছিল দারুণ গুরুত্বপূর্ণ।
চিগুম্বুরা আবার
২০০৫ সালে এই চট্টগ্রামেরই এমএ আজিজ স্টেডিয়ামে ৭১ রান করেছিলেন ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নামা এলটন চিগুম্বুরা। সেটিই ছিল চিগুম্বুরার সর্বোচ্চ টেস্ট রান। গত বছর সেই ৭১ ছাড়িয়ে গেলেন বাংলাদেশের বিপক্ষেই, হারারেতে ৮৬ করে রবিউলের ইনসুইঙ্গারে বোল্ড। কাল আবার বাংলাদেশের বিপক্ষেই ছাড়িয়ে গেলেন আগের সর্বোচ্চকে। কিন্তু সেঞ্চুরি হলো না এবারও, আলসে এক ড্রাইভে আউট ৮৮ রানে। চিগুম্বুরার সেরা সাতটি টেস্ট স্কোরের পাঁচটিই এখন বাংলাদেশের বিপক্ষে। বল হাতে তো সেরা পাঁচটি পারফরম্যান্সই বাংলাদেশের বিপক্ষে!
‘তরুণ’ জুবায়ের
শহীদ আফ্রিদির সঙ্গে জুবায়ের হোসেনকে মেলানো কঠিন। বরং প্রথাগত লেগ স্পিনার হিসেবে মেলানো যায় লক্ষ্মণ শিবরামকৃষ্ণানের সঙ্গে। ভাবছেন হঠাৎ ওই দুজনকে টেনে আনা কেন? লেগ স্পিনার হোক বা অফ স্পিনার, জুবায়েরের চেয়ে কম বয়সে ৫ উইকেট পাওয়া ডানহাতি স্পিনার ওই দুজনই। ২৭ টেস্টের ক্যারিয়ারে মাত্র একবারই ৫ উইকেট পেয়েছিলেন আফ্রিদি। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া ওই কীর্তির দিনে আফ্রিদি বয়স ছিল ১৮ বছর ২৩৫ দিন। ১৯৮৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে, ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা শিবরামকৃষ্ণান যেদিন ৬ উইকেট নিলেন, বয়স ছিল ১৮ বছর ৩৩৩ দিন। কাল জুবায়েরের বয়স ছিল ১৯ বছর ৬১ দিন। বাংলাদেশের হয়ে জুবায়েরের চেয়ে কম বয়সে ৫ উইকেট আছে শুধু এনামুল জুনিয়রের, ১৮ বছর ৩২ দিন।