টেনিস তারকার মৃত্যুতে নাম জড়াল ক্রিকেটারের
আন্তর্জাতিক ক্রিকেটে তারিসাই মুসাকান্দা মোটেও পরিচিত কোনো নাম নয়। গত বছর হারারেতে বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের সর্বশেষ টি–টোয়েন্টি খেলেন এ ব্যাটসম্যান।
২৭ বছর বয়সী মুসাকান্দা বেশ বড় বিপদেই পড়েছেন। ক্রিকইনফো জানিয়েছে, ‘কালপেবল হোমিসাইড’—অর্থাৎ, না বুঝে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন মুসাকান্দা।
গত ১৬ জানুয়ারি হারারেতে রাতে গাড়ি চালানোর সময় পথচারীকে আঘাত করেন তিনি। এ দুর্ঘটনা তিনি কর্তৃপক্ষকে জানাননি। পরে জানা গেছে, দুর্ঘটনার শিকার সেই পথচারী জিম্বাবুয়ের হয়ে ডেভিস কাপে অংশ নেওয়া সাবেক টেনিস খেলোয়াড় গিনাই চিনগোকা।
জিম্বাবুয়ের সংবাদমাধ্যম ‘হেরাল্ড’ জানিয়েছে, ৩৮ বছর বয়সী চিনগোকা বাঁ পা ও কনুইয়ে আঘাত পান। হাসপাতালে ভর্তির পর গত ২৭ জানুয়ারি মারা যান তিনি।
সংবাদমাধ্যম নিশ্চিত করতে না পারলেও জানিয়েছে, দুর্ঘটনাস্থলে নাকি গাড়ি থামিয়ে দাঁড়িয়েছিলেন মুসাকান্দা।
চিনগোকাকে গাড়িতে তুলে হাসপাতালেও নিয়ে যান তিনি। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনি পুলিশকে কিছুই জানাননি। চিনগোকার মৃত্যুর পর ২৮ ফেব্রুয়ারি পুলিশকে ঘটনাটা জানান মুসাকান্দা—সংবাদমাধ্যম এ খবর জানালেও নিশ্চিত করতে পারেনি।
চিনগোকার ময়নাতদন্ত প্রতিবেদনে জানানো হয়, গাড়ির আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। গাড়ি চালানো নিয়ে মুসাকান্দার বিপদে পড়া এই প্রথম নয়।
অতীতেও তিনি বিতর্কে জড়িছেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটের দল নিউ সিটি ক্রিকেট ক্লাব তাঁকে ছেড়ে দিয়েছিল। অভিযোগ, মদ্যপান করে গাড়ি চালানো। জিম্বাবুয়ের হয়ে ৫ টেস্ট, ১৫ ওয়ানডে ও ১২ টি–টোয়েন্টি খেলেছেন মুসাকান্দা।