টেন্ডুলকার-দ্রাবিড় ছাড়া সর্বকালের সেরা একাদশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকারকে নিজের একাদশে যোগ্য ভাবেননি কুক। ফাইল ছবি
টেন্ডুলকারকে নিজের একাদশে যোগ্য ভাবেননি কুক। ফাইল ছবি

বর্তমান ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে তিনিই একমাত্র ১০ হাজারি ক্লাবের সদস্য। ৩২ বছর বয়সী অ্যালিস্টার কুক ধীরে ধীরে এগোচ্ছেন সর্বোচ্চ রানের চূড়ায় থাকা শচীন টেন্ডুলকারকে লক্ষ্য করে। সেই কুক সর্বকালের সেরা একাদশ গড়তে গিয়ে টেন্ডুলকার আর রাহুল দ্রাবিড়কে রাখেননি। জায়গা পাননি কোনো ভারতীয় খেলোয়াড়ই। কারও গড়া সর্বকালের সেরা একাদশ একজনের ব্যক্তিগত পছন্দ ও বিবেচনা। তবে বিষয়টি হজম করতে পারছে না ভারতীয়রা। এই দুই গ্রেটকে বাদ দিয়ে গড়া সর্বকালের একাদশ কি প্রশ্নবিদ্ধ হয় না?

সামাজিক যোগাযোগমাধ্যমে কুকের একাদশ প্রকাশ করেছে লর্ডস। কুকের দল নায়ক হচ্ছেন গ্রাহাম গুচ। উদ্বোধনী জুটিতে এই ইংলিশ কিংবদন্তির সঙ্গী ম্যাথু হেইডেন। কুক মিডল অর্ডার সাজিয়েছেন ব্রায়ান লারা, রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারাকে নিয়ে। বোলিং আক্রমণটাও ভীষণ শক্তিশালী। পেস বোলিং অলরাউন্ডার জ্যাক ক্যালিসের সঙ্গে দুই স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন। সঙ্গে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও গ্লেন ম্যাকগ্রা। এমন খেলোয়াড়দের নিয়ে একাদশ সাজিয়েছেন, যাঁরা একাই গড়ে দিতে পারে ম্যাচের পার্থক্য।
তবে কুকের একাদশে ভারতের কোনো খেলোয়াড় না থাকায় ক্ষুব্ধ ভারতীয়রা। একাদশ দেখে কেউ একজন টুইট করেছেন, ‘মজা করছেন, টেন্ডুলকার নেই?’ একজন তো রসিকতা করে লিখেছেন, ‘কোনো ভারতীয় নেই। কারণ সে এখনো গত বছরের ৪-০ ব্যবধানে হারটা ভুলতে পারছেন না।’ একজন প্রশ্ন তুলেছেন অ্যান্ডারসনের অন্তর্ভুক্তি নিয়ে, ‘অ্যান্ডারসন? সত্যি? লিলি/মার্শাল নেই? আমার দল আপনার দলকে হারাবে, মি. কুক?’
ভিডিও বার্তায় নিজের একাদশ নিয়ে কুক বলেছেন, ‘ক্ষমা চাইছি অনেক কিংবদন্তি খেলোয়াড়কে এই দলে না রাখতে পেরে। আমি যাদের সঙ্গে বা যাদের বিপক্ষে খেলেছি তাদের রেখেছি এই দলে, একটাই ব্যতিক্রম। গুচি (গুচ) তাই আমার দলের অধিনায়ক। তিনি ওপেনিংয়ে খেলবেন।’ সূত্র: টুইটার, জিনিউজ।

কুকের একাদশ: গ্রাহাম গুচ (অধিনায়ক), ম্যাথু হেইডেন, ব্রায়ান লারা, রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্স, কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন, জেমস অ্যান্ডারসন, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা।