টেন্ডুলকার নয়, শোয়েবের আতঙ্ক ছিলেন দ্রাবিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের অনন্য বোলিং অ্যাকশনে শোয়েব। ফাইল ছবি
নিজের অনন্য বোলিং অ্যাকশনে শোয়েব। ফাইল ছবি

ক্রিকেটে ব্যাটিংয়ের অধিকাংশ রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার। ২৪ বছর ধরে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন ভারতের ক্রিকেট দেবতা। অথচ শোয়েব আখতার কিনা সবচেয়ে বেশি ভয় পেতেন শচীনের সতীর্থ রাহুল দ্রাবিড়কে।' দ্য ওয়াল'-এর বিপক্ষে বল করতে হবে ভেবেই আতঙ্কে থাকতেন তিনি!
শোয়েবের লাইম লাইটে আসার পেছনে অবশ্য যৌথভাবেই অবদান রেখেছিলেন এই দুই ব্যাটসম্যান। ১৯৯৯ সালে ইডেন গার্ডেনে পর পর দুই বলে দ্রাবিড় ও টেন্ডুলকারের স্ট্যাম্প বাতাসে ভাসিয়েই সবার নজর কেড়েছিলেন শোয়েব। এই গতি তারকা সেই কথা মনে করিয়ে দিলেন আবারও।' শচীন একজন অসাধারণ ব্যাটসম্যান। তিনি আর সবার চেয়ে ভালো খেলত। তাঁর সেরা সময়ে বোলারদের জন্য দুঃস্বপ্ন ছিলেন। আমাকে তারকা বানানোর পেছনেও তাঁর অবদান। এ জন্য আমি শচীনের কাছে কৃতজ্ঞ। কিন্তু দ্রাবিড় ছিল সবচেয়ে ভয়ংকর। সে মাঠে নামলেই আমি আতঙ্কিত হয়ে পড়তাম। ও মাঠে নামা মানেই আমাকে অন্তত আরও দুইটি সেশন মাঠে থাকতে হবে।'
রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের ভাষায় দ্রাবিড় অনেকটা বক্সার মোহাম্মদ আলির মতো। দ্রাবিড় বোলারকে শারীরিকভাবে ক্লান্ত করে ফেলতেন, একই সঙ্গে মানসিকভাবেও ধ্বংস করে ফেলতেন। শোয়েবের ভাষ্যমতে, দ্রাবিড়কে আটকানোর ক্ষমতা ছিল কেবল ওয়াসিম আকরামের।' দ্য ওয়ালকে’ রোখার ক্ষমতা তাঁর ছিল না বলে স্বীকারই করলেন শোয়েব।
ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে ১০০ মাইল গতিতে বল করেছিলেন শোয়েব। পুরো ক্যারিয়ারজুড়ে বলের গতি দিয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের মনে আতঙ্ক ছড়িয়েছেন বারবার। সেই শোয়েবের মুখে দ্রাবিড়ের এই স্তুতি তাঁর ভিন্ন ধারার ব্যাটিংয়ের মাহাত্ম্যই তুলে ধরে। সূত্র: দ্য ডন।