টেন্ডুলকার ফিরছেন মাঠে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে পোস্ট করা টেন্ডুলকারের সেই ছবি।
টুইটারে পোস্ট করা টেন্ডুলকারের সেই ছবি।

শচীন টেন্ডুলকার ব্যাট-প্যাড তুলে রেখেছেন প্রায় দুই বছর হতে চলল। ২২ গজে তাঁর ফেরার সম্ভাবনা নেই, সবারই জানা। কিন্তু জানা তথ্যটা যে এখন প্রশ্নের মুখে! সেটি ফেলেছেন স্বয়ং টেন্ডুলকারই।
গতকাল টুইটারে একটি ছবি পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। ছবিতে দেখা যাচ্ছে, মুম্বাই ইন্ডিয়ানের জার্সি গায়ে হেলমেট পরার প্রস্তুতি নিচ্ছেন টেন্ডুলকার। হেলমেট পরার অর্থ হলো আবার ব্যাট ধরা। ছবিটা তো প্রশ্ন জাগায়ই। সেই প্রশ্নটাকেই রহস্যময় করে তুলেছে টেন্ডুলকারেরই দেওয়া ছবির ক্যাপশন: ‘বলুন তো কী হতে যাচ্ছে?’
সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হইচই। পোস্টের নিচে ভক্ত-সমর্থকদের অসংখ্য মন্তব্য। বেশির ভাগ মন্তব্যকারীর প্রশ্ন, ‘তবে কি টেন্ডুলকার ফিরছেন মাঠে?’ উত্তরটা এখনো অজানাই।

২০১৩ আইপিএলে মুম্বাইকে চ্যাম্পিয়ন দেখেই বিদায় নিয়েছিলেন টেন্ডুলকার। কিন্তু গত মৌসুমটা বাজেই গেছে মুম্বাইয়ের, চতুর্থ হয়েছিল রোহিত শর্মারা। আর এবার তো শুরুতেই কলকাতার বিপক্ষে হার। দলের এমন অবস্থা দেখেই কি মাঠে ফেরার তাড়না অনুভব করছেন বর্তমানে মুম্বাইয়ের মেন্টর টেন্ডুলকার?
সে যা-ই হোক না কেন, ক্রিকেটের সর্বকালের সফলতম ব্যাটসম্যানটা আবার ক্রিকেটে ফিরলে সেটা ক্রিকেট অনুরাগীদের জন্য সুখবরই; হোক না সেটা ঘরোয়া কোনো টুর্নামেন্টে। যদিও তাঁর ৪১ বছর বয়সটা ইঙ্গিত দিচ্ছে, হয়তো ভক্তদের স্রেফ খানিকটা ‘সাসপেন্স’ দিলেন টেন্ডুলকার!