টেন্ডুলকার ব্যাট তোলার সঙ্গে সঙ্গেই যা বোঝার বুঝে গিয়েছিলেন শোয়েব
শোয়েব আখতারের টেস্ট অভিষেক ১৯৯৭ সালের ডিসেম্বরে। ওয়ানডেতে তাঁর পথচলার শুরুটা অবশ্য আরও কিছুদিন পর । তবে ১৯৯৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ৫ উইকেট-কীর্তি ছাড়া শোয়েবের পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। তবে শোয়েব আখতারের ক্যারিয়ার অন্য মাত্রা পায় ১৯৯৯ সালে এসে। সে বছরের মার্চে কলকাতায় এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত বোলিং করেই তিনি তারকা হন। তকমা পান ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ হিসেবে।
ভারতের বিপক্ষে সেই টেস্টে পরপর ২ বলে রাহুল দ্রাবিড় আর শচীন টেন্ডুলকারের স্টাম্প উপড়ে দেওয়ার সেই দৃশ্য এখনো চোখে ভাসে অনেক ক্রিকেটপ্রেমীরই। কলকাতার ইডেন গার্ডেনস স্তব্ধ করে দেওয়া ওই ডেলিভারি ২টি নিয়ে অনেকবারই বলেছেন শোয়েব। সম্প্রতি পাকিস্তানের সাবেক এই গতি তারকা নতুন করে ফিরে তাকিয়েছেন স্মৃতিময় সেই দিনের দিকে।
রাহুল দ্রাবিড়কে দারুণ এক ইয়র্কারে বোল্ড করার পর তিনি একই রকম এক বলে উপড়ে ফেলেছিলেন টেন্ডুলকারের স্টাম্প। শোয়েব জানিয়েছেন, দ্রাবিড়কে আউট করার পর অধিনায়ক ওয়াসিম আকরামের সঙ্গে তাঁর কথা হয়েছিল। আকরামই তাঁকে স্টাম্পের লাইনে বল রেখে রিভার্স সুইং করানোর পরামর্শ দিয়েছিলেন। মজার ব্যাপার হচ্ছে, সেটি ছিল টেন্ডুলকারকে করা তাঁর প্রথম বল।
স্পোর্টসক্রীড়া নামের একটি ভারতীয় গণমাধ্যমকে শোয়েব জানিয়েছেন, ‘রাহুলকে আউট করার পর টেন্ডুলকার বিপুল করতালির মধ্য দিয়ে ক্রিজে এসেছিলেন। তিনি যখন স্ট্রাইক নিতে যাবেন, তখন ওয়াসিম ভাই (ওয়াসিম আকরাম) এগিয়ে এসে বললেন বল স্টাম্পের লাইনে রেখে রিভার্স সুইং করাতে। সত্যি বলতে কি, আমি টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানকে বল করতে গিয়ে একটু স্নায়ুচাপেই ভুগছিলাম। কিন্তু নিজের রানআপটা যখন শুরু করলাম, তখন আমার মনোযোগ ছিল লক্ষ্যে। আমি রানআপটা নিখুঁত করতে চেয়েছিলাম। ক্রিজে লাফ কিংবা অ্যাকশনটা ঠিকঠাক করতে চেয়েছিলাম। যে মুহূর্তে টেন্ডুলকার ব্যাট তুললেন, তখনই আমার মনে হয়েছিল, কাজ হয়ে গেছে। আমি উইকেটটা পেতে যাচ্ছি। বলটা দারুণভাবেই রিভার্স সুইং করেছিল।’