টেন্ডুলকার মিথ্যেবাদী, বললেন চ্যাপেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাপেল যখন টেন্ডুলকার-দ্রাবিড়ের কোচ ছিলেন। ছবি: এএফপি
চ্যাপেল যখন টেন্ডুলকার-দ্রাবিড়ের কোচ ছিলেন। ছবি: এএফপি

আকাশ থেকে পড়া—স্রেফ একটা কথার কথা। কিন্তু গ্রেগ চ্যাপেলের কথা শুনে মনে হচ্ছে, সম্ভব হলে তিনি যেন আকাশ থেকেই পড়তেন। প্রকাশের অপেক্ষায় থাকা আত্মজীবনীতে শচীন টেন্ডুলকার তাঁর সম্পর্কে নাকি একগাদা ডাহা মিথ্যা কথাই লিখেছেন। এমনই দাবি করলেন ভারতের সাবেক কোচ।
টেন্ডুলকারের আত্মজীবনী বাজারে আসার আগেই জুগিয়েছে আলোচনার খোরাক। বইয়ের উল্লেখযোগ্য অংশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে, আর বেরিয়ে আসছে চমকানো সব তথ্য। ‘লিটল জিনিয়াসে’র নতুন বোমাটা গণমাধ্যমে এল দুদিন আগে। বইয়ে টেন্ডুলকার ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলকে অভিহিত করেছেন ‘রিং মাস্টার’ বলে। আরও লিখেছেন, ২০০৭ বিশ্বকাপের আগে তাঁকে রাহুল দ্রাবিড়ের কাছ থেকে অধিনায়কত্ব নেওয়ার প্রস্তাব করেছিলেন চ্যাপেল!
স্বাভাবিকভাবেই এ ঘটনায় বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে ক্রিকেট দুনিয়ায়। দ্রুতই জবাব এসেছে চ্যাপেলের কাছ থেকে। অস্ট্রেলীয় এই কিংবদন্তির দাবি, ‘ভারতীয় দলের কোচ থাকার সময় দ্রাবিড়ের জায়গায় শচীনকে অধিনায়ক করার ব্যাপারে কোনো ভাবনা আমার ছিল না। তার বইয়ে এমন দাবি শুনে বেশ অবাকই হলাম। ওই সময়ে মাত্র একবারই শচীনের বাড়িতে গিয়েছিলাম। সঙ্গে আমাদের ফিজিও এবং সহকারী কোচও ছিলেন। শচীন তখন চোট থেকে সেরে উঠতে পুনর্বাসনে ছিল। বইয়ে যে সময়ের কথা উল্লেখ করা হয়েছে তা থেকে অন্তত ১২ মাস আগের কথা এটি।’ চ্যাপেল জানালেন, ‘শচীনের বাড়িতে সেদিন দারুণ এক বিকেল কাটিয়েছিলাম। অধিনায়কত্বের ব্যাপারে সেখানে কোনো আলোচনাই হয়নি।’
আত্মজীবনীতে টেন্ডুলকার লিখেছেন, ‘বিশ্বকাপের কয়েক মাস আগে চ্যাপেল একদিন আমার বাসায় এলেন। আমাকে অবাক করে দিয়ে বললেন, রাহুল দ্রাবিড়ের জায়গায় আমার অধিনায়ক হওয়া উচিত। অঞ্জলি (টেন্ডুলকারের স্ত্রী) আমার পাশে বসা ছিল। আমরা দুজন হতবাক হয়ে শুনলাম, তিনি আমাকে বলছেন—“তুমি আর আমি মিলে লম্বা সময় ধরে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ করতে পারব।” তিনি আমাকে অধিনায়কত্ব পেতে সাহায্য করবেনও বললেন! আমি বিস্মিত হলাম, একজন কোচ কী করে দলের অধিনায়ককে এতটুকু সম্মান না দিয়ে এমনটা বলতে পারেন!’
টেন্ডুলকারের এ মন্তব্য সঠিক বলে দাবি করেছেন ভারতের দুই জ্যেষ্ঠ খেলোয়াড় জহির খান ও হরভজন সিং। জহির বলেছেন, ‘টেন্ডুলকার তার বইয়ে চ্যাপেলকে নিয়ে সত্য কথা লেখায় ভীষণ খুশি।’ সূত্র: আইএনএস, জিনিউজ।