টেন্ডুলকার? মুম্বাইয়ের ঘরের ছেলে ডি ভিলিয়ার্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজও কী ঝড় তুলবেন ডি ভিলিয়ার্স? ফাইল ছবি
আজও কী ঝড় তুলবেন ডি ভিলিয়ার্স? ফাইল ছবি

প্রথম ম্যাচেই গেইল-টর্নেডো বয়ে গেছে ইংল্যান্ডের ওপর দিয়ে। সেই ধাক্কা এত দ্রুত সামলে ওঠার কথা নয়। কিন্তু দুর্ভাগ্য ইংলিশদের, গেইলের পরই টি-টোয়েন্টির আরেক ব্যাটিং দানবের মুখোমুখি হতে হচ্ছে ইংল্যান্ডকে। আজই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনে ইংল্যান্ড। যে মুম্বাইকে নিজের ঘরই বানিয়ে বসেছেন এবি ডি ভিলিয়ার্স!

এই তো গত অক্টোবরের কথা। ওয়াংখেড়ে সেদিন ডি ভিলিয়ার্সের ব্যাট যেন হয়ে উঠেছিল খাপখোলা তলোয়ার। ৬১ বলে ১১৯ রান! ভারতীয় বোলাররা সেদিন গলির বোলারে পরিণত হলেন। প্রোটিয়াদের ৪৩৮ তাড়া করে ভারত হেরেছিল। মজাটা হচ্ছে, সেদিন নিজেদের বোলারদের এমনভাবে কচুকাটা হতে দেখেও ডি ভিলিয়ার্স বন্দনায় মেতেছিল স্বাগতিক দর্শকেরা। কারণ, ডি ভিলিয়ার্সের এমন ব্যাটিং তো এই দর্শকদের অনেক আগে থেকেই চেনা। এই মুম্বাইয়েরই কিছুদিন আগে আরেকটি ডি ভিলিয়ার্স তাণ্ডবের দর্শক হওয়ার সৌভাগ্য হয়েছিল। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডি ভিলিয়ার্স সেদিনও ঝড় তোলেন— ৫৯ বলে অপরাজিত ১৩৩!
ওয়াংখেড়েতে খেলা শেষ দুই ম্যাচেই ডি ভিলিয়ার্সের দুটি সেঞ্চুরি, স্ট্রাইক রেট ২১০! মুম্বাই তো ডি ভিলিয়ার্সের ঘরের মাঠই। ইংল্যান্ডের ভয় পাওয়ার যথেষ্ট কারণ তাই আছে বটে। প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিও আরেকটি ডি ভিলিয়ার্স ঝড়ের অপেক্ষায়, ‘আমি দেখতে চাই এবি কী করবে আজ। সে এত ভালো কারণ মাত্র দুই একটি বিষয়ের ওপর নির্ভর করে খেলে না। একজন ব্যাটসম্যানের হাতে যত বেশি অস্ত্র থাকে, সে তত ভয়ংকর।’
মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচনা করতে পেরে দারুণ খুশি ডু প্লেসি। মুম্বাইয়ের ‘ঘরের ছেলে’ ডি ভিলিয়ার্স তো বাড়তি সাহস দিচ্ছেনই, সঙ্গে এই মাঠের কন্ডিশনও নাকি অনেকটাই দক্ষিণ আফ্রিকার মতো, ‘ওয়াংখেড় আমাদের ঘরের মাঠের মতোই। ভারতের খুব কম পিচেই বোলারদের জন্য কিছু থাকে। কিন্তু এখানে পেস, বাউন্স, সুইং আছে। স্পিনারদের প্রাধান্য কম।’ সূত্র: ক্রিকইনফো