টেন্ডুলকারও একবার খেপেছিলেন মাঞ্জরেকারের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধারাভাষ্যকারদের গুরুত্ব দেওয়ার কিছু নেই বলেই মনে করেন মাঞ্জরেকার। ছবি: এএফপি
ধারাভাষ্যকারদের গুরুত্ব দেওয়ার কিছু নেই বলেই মনে করেন মাঞ্জরেকার। ছবি: এএফপি

ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ভারতের সাবেক তারকা ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের। বাদ পড়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ধারাভাষ্য প্যানেল থেকে। খারাপ সময় অবশ্য আরও আগে থেকেই শুরু হয়েছিল তাঁর, জড়িয়ে পড়ছিলেন নানা ধরনের বিতর্কে। প্রথমে রবীন্দ্র জাদেজাকে 'অল্পসল্প' ক্রিকেটার বলে ফাঁসলেন। জাদেজা এতটাই খেপেছিলেন যে মাঞ্জরেকারকে কেবল বাবা–মা তুলে গালি দিতেই বাকি রেখেছিলেন। গত নভেম্বরে বাংলাদেশ–ভারত কলকাতা টেস্টের সময় সহভাষ্যকার হার্শা ভোগলের 'ক্রিকেট জ্ঞান' নিয়ে প্রশ্ন তুলেও ভীষণ সমালোচিত হন তিনি। প্রাপ্তির খাতায় নেতিবাচক নম্বরই বাড়ছিল। চূড়ান্ত পরিণতি তাঁর বিসিসিআইয়ের আশীর্বাদ হারানো। করোনার এই সময় অন্য আর সব ক্রিকেট ব্যক্তিত্বের মতোই মাঞ্জরেকার সামাজিক যোগাযোগমাধ্যমকে বেছে নিয়েছেন নিজের মনের কথা বলার জন্য। রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক ইনস্টাগ্রাম আলোচনায় হাজির হয়ে মাঞ্জরেকার অদ্ভুত এক কথাই বললেন। খেলোয়াড়দের তিনি পরামর্শ দিয়েছেন টেলিভিশন ধারাভাষ্যকার বা কোনো বিশেষজ্ঞ কী মন্তব্য করছেন, সেটি গুরুত্বের সঙ্গে দেখার কোনো কারণ নেই। ভাষ্যকাররা মোটেও গুরুত্বপূর্ণ কেউ নন।

'সবচেয়ে ভালো হয় খেলোয়াড়েরা যদি আমাদের মতো ধারাভাষ্যকারদের গুরুত্বপূর্ণ কিছু না ভাবে। খেলোয়াড়দের পারফরম্যান্সটাই বেশি গুরুত্বপূর্ণ। সেটিই আসল। কোনো ক্রিকেটারই কিন্তু ব্যক্তি মাঞ্জরেকার কী বলল, সেটির ওপর ভিত্তি করে দল থেকে বাদ পড়বেন না। সুতরাং ধারাভাষ্যকারদের গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।'

 নিজের খেলোয়াড়ি জীবনের কথাও স্মরণ করেছেন। পত্রিকায় লেখা দিলীপ ভেংসরকারের এক বিশেষজ্ঞ কলাম তাঁকে কতটুকু খেপিয়ে দিয়েছিল, সেই ঘটনাটি উল্লেখ করেছেন মাঞ্জরেকার, 'মনে আছে দিলীপ ভেংসরকার একবার পত্রিকায় লেখা এক কলামে আমার সমালোচনা করেছিলেন। আমি বিষয়টা ভালোভাবে নিতে পারিনি। প্রতিটি সমালোচনার জবাব আমি পয়েন্ট আকারে লিখে ভেংসরকারের ঘরের দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়েছিলাম।'

 মাঞ্জরেকারের মন্তব্য একবার শচীন টেন্ডুলকারের মধ্যেও বিরক্তির সৃষ্টি করেছিল, 'খেলোয়াড়েরা খুব স্পর্শকাতর। আমিও ছিলাম। শচীন টেন্ডুলকার নিজে আমার মন্তব্যে প্রতিক্রিয়া দেখিয়েছিল। আমি পরে চুপ করে গিয়েছিলাম।'