টেন্ডুলকারও নিষিদ্ধ হয়েছিলেন এমন কাণ্ডে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল বিকৃতির ঘটনা এটিই প্রথম নয়। ক্যামেরন ব্যানক্রফট কিংবা স্টিভ স্মিথ বা অস্ট্রেলীয় ক্রিকেট দলই প্রথম এ ঘটনায় ফেঁসে যায়নি। অতীতে এমন অনেক ঘটনা ক্রিকেট দুনিয়াকে নাড়িয়ে দিয়েছিল। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি তো তিন বছরের ব্যবধানে দুবার এমন অভিযোগের মুখে পড়েছিলেন। অবাক হতে হয় এমন অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন শচীন টেন্ডুলকার কিংবা ওয়াকার ইউনিসের মতো কিংবদন্তিরাও! ইতিহাসের পাতায় চোখ বুলিয়ে এমন কয়েকটি ঘটনা নিচে তুলে ধরা হলো...
১৯৯২ সালে ইংল্যান্ড সফরে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। আম্পায়ারকে সেই অভিযোগেরই জবাব দিতে দেখা যাচ্ছে অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে। ফাইল ছবি
১৯৯২ সালে ইংল্যান্ড সফরে ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ উঠেছিল। আম্পায়ারকে সেই অভিযোগেরই জবাব দিতে দেখা যাচ্ছে অধিনায়ক জাভেদ মিয়াঁদাদকে। ফাইল ছবি

ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস, ১৯৯২
পাকিস্তানের ইংল্যান্ড সফরের ঘটনা সেটি। ওয়াসিম-ওয়াকারের ‘রিভার্স সুইং’ সেবার দারুণ বেকায়দায় ফেলে ইংলিশদের। কেবল ওয়াকার আর ওয়াসিমই নন, সে সফরে পাকিস্তানের অন্য পেসারদের রিভার্স সুইং খেলতে গিয়েও বিপদে পড়েছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সফরের একপর্যায়ে ওয়াকার ও ওয়াসিমের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। ইংলিশ গণমাধ্যমের দাবি ছিল, বলের বিকৃতি ঘটিয়েই ওয়াসিম ও ওয়াকার রিভার্স সুইং করাচ্ছেন। অভিযোগ অবশ্য কখনোই প্রমাণ করা যায়নি।

বল বিকৃতির অভিযোগের জবাব দিচ্ছেন ইংলিশ অধিনায়ক মাইক আথারটন। ফাইল ছবি
বল বিকৃতির অভিযোগের জবাব দিচ্ছেন ইংলিশ অধিনায়ক মাইক আথারটন। ফাইল ছবি

মাইক আথারটন, ১৯৯৪
দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ড সফরে বল বিকৃতির অভিযোগ ওঠে সে সময়কার ইংলিশ অধিনায়ক আথারটনের বিরুদ্ধে। লর্ডস টেস্টে ট্রাউজারের পকেট থেকে বালু বা এ–জাতীয় কিছু বের করে বলে ঘষেছেন তিনি, এমন অভিযোগ ওঠে। তিনি অবশ্য অস্বীকার করেন। তাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ প্রমাণ করা না গেলেও ম্যাচ রেফারির কাছে পকেটের সেই ‘বালু’ সম্পর্কে সন্তোষজনক উত্তর দিতে পারেননি। সে কারণে দুই হাজার পাউন্ড জরিমানা করা হয় তাঁকে।

২০০০ সালে বল বিকৃতির কারণে নিষিদ্ধ হয়েছিলেন ওয়াকার ইউনিস। ফাইল ছবি
২০০০ সালে বল বিকৃতির কারণে নিষিদ্ধ হয়েছিলেন ওয়াকার ইউনিস। ফাইল ছবি

ওয়াকার ইউনিস, ২০০০
পাকিস্তানি ফাস্ট বোলারই ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার, যাঁর বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ প্রমাণ করা গিয়েছিল। ২০০০ সালে শ্রীলঙ্কায় একটি ত্রিদেশীয় সিরিজে বল বিকৃতি প্রমাণিত হয় তাঁর বিরুদ্ধে। শুধু ওয়াকার নন, সে ঘটনায় অধিনায়ক মঈন খানকেও দোষী করা হয়। জরিমানা হয় আজহার মেহমুদের। ওয়াকারকে নিষিদ্ধ করা হয় এক ম্যাচের জন্য।

টেন্ডুলকারকে বল বিকৃতির শাস্তি দিয়েছিলেন ম্যাচ রেফারি মাইক ডেনিস! ছবি: ফাইল ছবি
টেন্ডুলকারকে বল বিকৃতির শাস্তি দিয়েছিলেন ম্যাচ রেফারি মাইক ডেনিস! ছবি: ফাইল ছবি

শচীন টেন্ডুলকার, ২০০১
এ ঘটনাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০১ সালে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে টেন্ডুলকার বল বিকৃতির অভিযোগে ফেঁসে যান। পোর্ট এলিজাবেথ টেস্টে টেন্ডুলকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি বলের সিম নখ দিয়ে খুঁটেছেন। কিন্তু বিষয়টি অস্বীকার করে ভারতীয় দল। তাদের দাবি ছিল, সিমে লেগে থাকা ঘাসের ময়লা নখ দিয়ে খুঁটে পরিষ্কার করেছেন ‘লিটল মাস্টার’। কিন্তু এই যুক্তি মানেননি ম্যাচ রেফারি মাইক ডেনিস। টেন্ডুলকারকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেন। তাঁর এই নিষেধাজ্ঞা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে ভারতীয় দলের জন্য। আইসিসি পরে টেন্ডুলকারকে ‘নির্দোষ’ বলে ঘোষণা করলেও ভারত পরের টেস্টে ডেনিসকে ম্যাচ রেফারি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানায়। টেন্ডুলকার বল খুঁটেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটি বল টেম্পারিং করতেই কি না, এ নিয়ে এখনো বিতর্ক হয়। টেন্ডুলকারের পুরো ক্যারিয়ার কিন্তু ক্রিকেটের প্রতি তাঁর সততা আর নিবেদনের কথাই ঘোষণা করে।

২০০৬ সালে বল বিকৃতির অভিযোগ ওঠার প্রতিবাদে মাঠ ত্যাগ করেছিল পাকিস্তান। ফাইল ছবি
২০০৬ সালে বল বিকৃতির অভিযোগ ওঠার প্রতিবাদে মাঠ ত্যাগ করেছিল পাকিস্তান। ফাইল ছবি

পাকিস্তান ক্রিকেট দল, ২০০৬ 
২০০৬ সালে ওভাল টেস্টে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তোলেন দুই আম্পায়ার ড্যারেল হেয়ার ও বিলি ডকট্রোভ। এ কারণে পাকিস্তান দলকে ৫ রান জরিমানাও করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ইনজামাম-উল-হকের নেতৃত্বে মাঠ ত্যাগ করে পাকিস্তান দল। পরে চা-বিরতির পরও পাকিস্তান আর মাঠে ফিরে আসেনি। ঘটনার জের ধরে ম্যাচে জয়ী ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। এটি ছিল টেস্ট ক্রিকেটে প্রথম কোনো দলকে এভাবে (ফোরফিট) জয়ী ঘোষণা করার ঘটনা। বেশ পরে অবশ্য আইসিসি পাকিস্তান ক্রিকেট দলকে বল বিকৃতির অভিযোগ থেকে মুক্তি দেয়। বিতর্কিতভাবে আম্পায়ারদের সিদ্ধান্ত বাতিল করে টেস্টটি ড্র ঘোষণা করা হয়।

২০১৩ সালে দুবাইয়ে ফাফ ডু প্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। ফাইল ছবি
২০১৩ সালে দুবাইয়ে ফাফ ডু প্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। ফাইল ছবি

ফাফ ডু প্লেসি, ২০১৩
দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফাফ ডু প্লেসির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ ওঠে। টেলিভিশন ফুটেজে ধরা পড়ে ডু প্লেসি ট্রাউজারের পকেটের জিপার দিয়ে বল ঘষছেন। এ কারণে তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়।

‘মিন্টগেট’ নিয়ে ঝড় উঠেছিল ক্রিকেট দুনিয়ায়। মধ্যমণি ছিলেন সেই ডু প্লেসিই। ফাইল ছবি
‘মিন্টগেট’ নিয়ে ঝড় উঠেছিল ক্রিকেট দুনিয়ায়। মধ্যমণি ছিলেন সেই ডু প্লেসিই। ফাইল ছবি

আবার ডু প্লেসি ২০১৬
দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে ঘটনাটি ঘটে। হোবার্ট টেস্টে ডু প্লেসিকে দেখা যায় মুখ থেকে কিছু বের করে তা বলে ঘষতে। অভিযোগ ছিল, তিনি মুখের চুইংগাম বলে লাগিয়ে সেটা বিকৃত করছেন। অস্ট্রেলীয় ক্রিকেট দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ না উঠলেও ম্যাচ রেফারি তাঁকে ম্যাচ ফির শতভাগই জরিমানা করেন। এটি ‘মিন্টগেট’ কেলেঙ্কারি হিসেবেও পরিচিতি পেয়েছে।