টেন্ডুলকারকে আউট করায় মৃত্যুর হুমকি

প্রিয় ব্যাটসম্যানকে আউট করা বোলারকে অনেক সমর্থকই বাঁকা চোখে দেখেন। কিংবা প্রিয় ব্যাটসম্যান ভুল আউটের শিকার হলে আম্পায়ারকে গালমন্দ করার সমর্থকেরও অভাব নেই। তাই বলে হত্যার হুমকি! শচীন টেন্ডুলকারের আউট নিয়ে ইংলিশ পেসার টিম ব্রেসনান আর আম্পায়ার রড টাকার মৃত্যুর হুমকিই পেয়েছিলেন একবার।
ঘটনা ২০১১ সালের আগস্টে। ওভাল টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন টেন্ডুলকার। তিন অঙ্ক ছুঁতে পারলেই ১০০ সেঞ্চুরির অনন্য রেকর্ডটা হয়ে যায় ভারতীয় কিংবদন্তির। ওই টেস্টে সেটি আর হয়নি। ব্রেসনানের বলে এলবিডব্লু হয়ে ফেরার আগে টেন্ডুলকার করেছিলেন ৯১ রান। এলবিডব্লুটা নিয়ে অবশ্য যথেষ্ট প্রশ্ন আছে।
এই প্রশ্ন থাকার কারণেই কিনা টেন্ডুলকার-ভক্তদের প্রতিক্রিয়াটা হয়েছিল ভয়ংকর! বাকিটা শুনুন ব্রেসনানের কাছ থেকেই, 'সম্ভবত বলটা লেগ স্টাম্প মিস করত। অস্ট্রেলিয়ান আম্পায়ার হিল (টাকার) ওকে আউট দিয়ে দেয়। তখন সে (টেন্ডুলকার) ৮০-এর বেশি রানে অপরাজিত ছিল। নিশ্চিত সেঞ্চুরির দিকেই এগোচ্ছিল। (ওই আউটের পর) আমি এবং আম্পায়ার আমরা দুজনই সব সময়ই মৃত্যু হুমকি পেয়েছি। আমাকে টুইটারে আর আম্পায়ারকে তার বাড়ির ঠিকানায় চিঠি লিখে হুমকি দেওয়া হতো। তারা বলত, তোমাদের কত বড় সাহস? বলটা তো লেগ স্টাম্প মিস করত।'
কদিন আগে 'ইয়র্কশায়ার ক্রিকেট: কাভার্স অফ' অনুষ্ঠানে পুরোনো এই স্মৃতি মনে পড়ল ব্রেসনানের। ঘটনা এখানেই শেষ নয়। টাকারের সঙ্গে ওই সিরিজের কয়েক মাস পর আবার দেখা ২৩ টেস্ট খেলা ব্রেসনানের । তখন অস্ট্রেলিয়ান আম্পায়ার তাঁকে দিলেন আরেক খবর, 'তাঁর সঙ্গে আমার কয়েক মাস পর দেখা। তিনি আমাকে বলছেন, ''আমি তো নিরাপত্তাকর্মী নিয়েছি''। অস্ট্রেলিয়ায় বাড়িতে পুলিশ পাহারায় থাকতে হয়েছে তাঁকে।'
ব্রেসনানের বলে আউট হওয়ায় ইংল্যান্ডে শততম সেঞ্চুরি না পেলেও টেন্ডুলকার সেটি পেয়েছিলেন পরের বছর ২০১২ এশিয়া কাপে, বাংলাদেশের বিপক্ষে। মাঝে প্রাণ ওষ্ঠাগত হয়েছে ব্রেসনান আর টাকারের, এই যা!