টেন্ডুলকারকে কোচ চান কাম্বলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনোদ কাম্বলির টুইটার অনুসারীদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। ঠাট্টা-তামাশায় দিন পার করাটা তাদের জন্য বেশ সহজ হয়ে উঠেছে। কাম্বলির টুইট মানেই যেন নির্মল বিনোদন। দিন কয়েক আগে পাকিস্তান ক্রিকেট দলের কোচ হতে চেয়েছিলেন। তা নিয়ে টুইটারে ‘যুদ্ধ যুদ্ধ’ও খেলেছেন পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। এই ব্যাপারটিকে ফিকে হওয়ার সময়ও দিলেন না কাম্বলি, আরেকটি টুইট করে শোরগোল ফেলে দিয়েছেন। ভারতের কোচ হিসেবে দেখতে চান বাল্যবন্ধু শচীন টেন্ডুলকারকে!
ভারতের টিম ডিরেক্টর পদে আর থাকছেন না রবি শাস্ত্রী—খবরটা পুরোনো। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ মুহূর্তে নতুন কোচ খুঁজছেন। নতুন কোচ খুঁজতে বিসিসিআই একটি উপদেষ্টা কমিটি গড়েছে। টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গাঙ্গুলীকে নিয়ে গঠিত কমিটি কোচ হিসেবে চেয়েছে রাহুল দ্রাবিড়কে। তবে কাম্বলির চোখে দ্রাবিড় নন, টেন্ডুলকারই এই দায়িত্বের জন্য যোগ্যতম ব্যক্তি।
নিজের এই দাবি জানাতে টুইটারকেই বেছে নিয়েছেন কাম্বলি। সামাজিক যোগাযোগের এই মাধ্যমে এমনিতেই বেশ ব্যস্ত কাম্বলি গত বৃহস্পতিবার টুইট করেছেন, ‘বোর্ডের উচিত ভারতীয় দলের কোচ হওয়ার জন্য শচীনকে প্রস্তাব দেওয়া। সে অসাধারণ প্রতিভাবান, তরুণ ক্রিকেটারদের খুব উপকারে আসবে।’ এক অনুসারী কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিংয়ের নাম তুলতেই তাঁর উত্তর, শচীনের মতো কিংবদন্তি থাকতে অন্যদের কাছে যাওয়ার কী দরকার!
বাল্যবন্ধুর পক্ষে কাম্বলির এমন ওকালতি করা দেখে সবাই বেশ বিস্মিত। কারণ বর্তমানে দুজনের সম্পর্কটা এখন ঠিক উষ্ণ নয়। ‘সত্যভাষণ’ নামের এক টিভি অনুষ্ঠানে নিজের খারাপ সময়ে টেন্ডুলকারের সহযোগিতা পাননি বলে দাবি করার পর থেকেই দুজনের সম্পর্কে ফাটল ধরেছে। এর পর থেকেই বন্ধুর মন জোগাতে নানা চেষ্টা করেছেন কাম্বলি, কিন্তু তেমন কাজ কিছুই হয়নি। নতুন এই টুইটকেও তাই সম্পর্কোন্নয়নের চেষ্টা হিসেবেই দেখছেন অনেকে। সূত্র: স্পোর্টস ক্রীড়া।