টেন্ডুলকারকে ছাড়িয়ে অশ্বিন...
ক্ল্যারি গ্রিমেটের সবচেয়ে কম টেস্টে ২০০ উইকেট নেওয়া রেকর্ড ছুঁতে দরকার ছিল ৮ উইকেট। কিন্তু রবিচন্দ্রন অশ্বিন বৃষ্টিবিঘ্নিত পোর্ট অব স্পেন টেস্টে বোলিং করার সুযোগই পেলেন মাত্র ৫ ওভার। গ্রিমেটকে ছুঁতে না পারলেও সিরিজ-সেরার পুরস্কার জিতে ভারতীয় অফ স্পিনার রেকর্ড বইয়ের আরেক পাতায় পেছনে ফেলে দিয়েছেন শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগকে।
টেস্টে পাঁচবার সিরিজ-সেরা হয়ে এত দিন টেন্ডুলকার ও শেবাগের সঙ্গে এক কাতারেই ছিলেন ৩৬ টেস্টে ১৯৩ উইকেট নেওয়া অশ্বিন। পরশু শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেরা খেলোয়াড় হয়ে অশ্বিন এবার টেন্ডুলকার-শেবাগকে ছাড়িয়ে ভারতীয় রেকর্ডটা নিজের করে নিলেন। সিরিজে চারবার ব্যাট করে ২ সেঞ্চুরিতে ২৩৫ রান করা অশ্বিন বোলিংয়ে পেয়েছেন ১৭ উইকেট। মাত্র ১৩টি সিরিজ খেলেই টেন্ডুলকারদের পেছনে ফেললেন অশ্বিন। টেন্ডুলকার সিরিজ খেলেছেন ৭৪টি, শেবাগ ৩৯টি।
টেস্টে সবচেয়ে বেশিবার সিরিজ-সেরা হয়েছেন মুত্তিয়া মুরালিধরন। সবচেয়ে বেশি টেস্ট উইকেটের মালিক ৬১ সিরিজের ১১টিতেই সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। মুরালির সমান ৬১ সিরিজে ৯ বার সেরা হয়ে দুইয়ে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস।