টেন্ডুলকারকে ছাড়িয়ে যাবেন কুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগোচ্ছিলেন ট্রিপল সেঞ্চুরির দিকে, শেষ পর্যন্ত অবশ্য পেলেন না। তবে আবুধাবির মরূদ্যানে অ্যালিস্টার কুকের দুর্দান্ত ডাবল সেঞ্চুরিটাই ইংল্যান্ডকে ম্যাচে রেখেছে। ইংলিশ অধিনায়কের অর্জনের মুকুটেও কত যে নতুন পালক যোগ হয়েছে! ক্যারিয়ারে চতুর্থবারের মতো বছরে ১ হাজার রানের মাইলফলক পেরিয়েছেন, জ্যাক ক্যালিসকে পেরিয়ে অ-এশীয় ব্যাটসম্যানদের মধ্যে এশিয়ার মাটিতে সবচেয়ে বেশি রানের মালিকও এখন তিনি।
কুকের প্রশংসা-কীর্তন চলছে। তাঁর ওপর যেন বেড়ে গেছে পূর্বসূরিদের আস্থাও। কিংবদন্তি ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথাম যেমন মনে করেন একদিন টেস্টে টেন্ডুলকারের সবচেয়ে বেশি রানের রেকর্ডও ছাড়িয়ে যাবেন কুক!
টেন্ডুলকার অবশ্য এখনো অনেক দূরে। পরশু পাকিস্তানের বিপক্ষে ২৬৩ রানের ম্যারাথন এক ইনিংস খেলে আউট হওয়ার পর টেস্টে কুকের রান হয়েছে ৯৫৯৩। ১০ হাজার রানের মাইলফলক পেরোনোর পর সুনীল গাভাস্কার, স্টিভ ওয়াহদের পেরিয়ে যাওয়া খুব কঠিন বলে মনে হচ্ছে না। কিন্তু টেস্টে টেন্ডুলকারের ১৫৯২১ রান টপকাতে পারবেন কুক? ইয়ান বোথাম কিন্তু খুবই আশাবাদী, ‘এ বছর সে দুর্দান্ত ফর্মে আছে। আমার মন হয় সে টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দেবে।’
দুর্দান্ত ফর্মে থাকার ব্যাপারটা অবশ্য পরিসংখ্যানেই প্রমাণিত। এ বছর ১১ টেস্টর ২০ ইনিংসে কুকের রান ১১৭০। টেস্টে এ বছর তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি অন্য কেউ। শুধু তা-ই নয়, ২০০৬ সালের মার্চে কুকের অভিষেকের পর থেকেই টেস্টে তাঁর চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ব্যাটসম্যান।
বয়স ৩০ চলছে। যার রেকর্ড ভেঙে টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন সেই গ্রাহাম গুচ তো খেলেছেন ৪২ বছর বয়স পর্যন্ত। ৪০ পেরিয়েও খেলার অভিজ্ঞতা আছে পূর্বসূরি অ্যালেক স্টুয়ার্ট ও জিওফ বয়কটদের। এতটা না হোক কুক যদি বর্তমান ফর্মটা ধরে রেখে আরও বছর পাঁচেক খেলতে পারেন, বোথামের কথাটা সত্যি হতেই পারে! স্কাই স্পোর্টস।