টেন্ডুলকারকে দেখে লিলি বলেছিলেন ভবিষ্যৎ নেই

শচীন টেন্ডুলকার পেস বোলার! ভাবতেই যেন কেমন লাগে। কিন্তু ক্রিকেটের ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানটি আর একটু হলেই যে পেসার হয়ে যেতেন, এটা কিন্তু সত্যি কথা।
শারীরিক গড়ন-গঠনেই শচীন টেন্ডুলকারের সঙ্গে পেসার চরিত্রটি ঠিক যায় না। কিন্তু সেই টেন্ডুলকার নিজেই জানিয়েছেন ক্যারিয়ারের একেবারে শুরুতে একজন পেসার হওয়ার অভিপ্রায়ে অস্ট্রেলীয় ফাস্ট বোলার ডেনিস লিলির শিষ্য হয়ে গিয়েছিলেন।
টেন্ডুলকার সদ্য প্রকাশিত আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়েতে লিখেছেন, পেসার হিসেবে ডেনিস লিলির শিষ্যত্ব গ্রহণ করলেও লিলি নিজেই তাঁকে শিষ্য বানাতে চাননি। টেন্ডুলকারের শারীরিক উচ্চতা দেখে লিলি বুঝে গিয়েছিলেন, এখানে টেন্ডুলকারের ভবিষ্যত্ নেই। সর্বকালের অন্যতম সেরা অস্ট্রেলীয় ফাস্ট বোলার টেন্ডুলকারকে বরং ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছিলেন।
ভাগ্যিস লিলি ওই পরামর্শটা দিয়েছিলেন। নয়তো ক্রিকেট দুনিয়া হয়তো টেন্ডুলকারের কীর্তিগাথার সঙ্গে কোনোদিনই পরিচিত হতে পারত না। পেসার হওয়ার ব্যর্থ প্রচেষ্টায় হয়তো তাঁর ব্যাটসম্যান সত্তাটাই অকালে মরে যেত। বিধাতা টেন্ডুলকারকে তো রান করার জন্যই এই পৃথিবীতে পাঠিয়েছিলেন।
নিজের আত্মজীবনীতে টেন্ডুলকার বলেছেন তাঁর পেসার হয়ে ওঠার ব্যর্থ প্রচেষ্টার কাহিনি। ১৯৮৭ সালে সারদাশ্রম বিদ্যামন্দিরের ক্রিকেট কোচ বসু পরাঞ্জপে তাঁকে পাঠিয়েছিলেন এমআরএফ পেস ফাউন্ডেশনে। চেন্নাইতে (তখনকার মাদ্রাজ) টেন্ডুলকার গিয়েছিলেন পরীক্ষা দিতে। সেই পরীক্ষাতে পাস করলেই পেসার হিসেবে গড়ে ওঠার প্রচেষ্টাটা শুরু করতেন টেন্ডুলকার।
টেন্ডুলকার লিখেছেন, ‘অজিত (তাঁর বড় ভাই) আমাকে সব সরঞ্জাম নিয়েই চেন্নাই যাওয়ার কথা বলে। সে বলেছিল, পেসার হিসেবে সুযোগ না পেলেও এমআরএফ পেস ফাউন্ডেশনের নেট ব্যবহার করার সুযোগটা অন্তত হবে। কিন্তু শারীরিক গঠনের কারণেই মূলত আমার আর পেসার হওয়া হয়নি।’
এ ব্যাপারে ডেনিস লিলির প্রসঙ্গ টেনে টেন্ডুলকার লিখেছেন, ‘আমার শারীরিক গঠন দেখে লিলি মজা করেই আমাকে ব্যাটিংয়ের প্রতি মনোযোগী হতে বলেছিলেন। তবে আমি ব্যাটসম্যান হয়েও ফাস্ট বোলিংয়ের খুঁটিনাটি শিখতে চেয়েছিলাম সব সময়ই।’
ফাস্ট বোলার না হলেও টেন্ডুলকার কিন্তু বোলার হিসেবে মন্দ করেননি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর উইকেটসংখ্যাও যেকোনো বোলারের জন্যই ঈর্ষার।