টেন্ডুলকারকে পরামর্শক চান শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে অধিনায়ক বিরাট কোহলিকে (ডানে) নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী। কাল মুম্বাইয়ে l এএফপি
শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে অধিনায়ক বিরাট কোহলিকে (ডানে) নিয়ে সংবাদ সম্মেলনে ভারতের নতুন কোচ রবি শাস্ত্রী। কাল মুম্বাইয়ে l এএফপি

নিজের চাওয়া এবং সেটা আদায় করে নেওয়ার ব্যাপারে রবি শাস্ত্রী বেশ দক্ষ বলেই মনে হচ্ছে। ভারতের কোচ নিযুক্ত হওয়ার পর থেকেই নিজের পছন্দমতো সহকারী নেওয়ার ব্যাপারে সোচ্চার ছিলেন। সেটা পেয়েছেনও। এবার পরামর্শক হিসেবে চেয়েছেন শচীন টেন্ডুলকারকে। তবে স্বার্থের সংঘাত এড়িয়ে টেন্ডুলকার শেষ পর্যন্ত ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে পারবেন কি না, সেটা ভেবে দেখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

এর আগে শাস্ত্রী টিম ডিরেক্টর থাকার সময় তাঁর সহকারী ছিলেন সঞ্জয় বাঙ্গার, ভরত অরুণ ও শ্রীধর। এবার অরুণের থাকা নিয়ে শুরুতে কিছুটা সংশয় তৈরি হলেও শেষ পর্যন্ত শাস্ত্রীর দাবি মেনে আবারও অরুণকেই ভারতের বোলিং কোচ করেছে বিসিসিআই। ব্যাটিং কোচ থেকে সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন সঞ্জয় বাঙ্গার, শ্রীধরই থাকছেন ফিল্ডিং কোচ। তিন সহকারী কোচই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া ব্যাটিং ও বোলিং উপদেষ্টা হিসেবে রাহুল দ্রাবিড় ও জহির খান ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন। শাস্ত্রীর দাবি, তিনি এ দুজনের সঙ্গে কথা বলেছেন। তবে তাঁদের সঙ্গে চুক্তিটা কী ধরনের হবে, তা চূড়ান্ত করবে বোর্ড।

 বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, এর বাইরে শাস্ত্রী পরামর্শক হিসেবে টেন্ডুলকারকেও চেয়েছেন। তবে টেন্ডুলকার শুধু বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটির সদস্যই নন, আইপিএলেও মুম্বাই ইন্ডিয়ানসের পরামর্শক। ফলে একই সঙ্গে তিনি ভারতীয় দলের উপদেষ্টা হলে কোনো স্বার্থের সংঘাত হয় কি না, সেটা বিবেচনা করে দেখছে বিসিসিআই।

শোনা যাচ্ছে, বিসিসিআই বছরে ৮ কোটি রুপি বেতন দেবে শাস্ত্রীকে। সর্বশেষ কোচ অনিল কুম্বলে বেতন পেতেন সাড়ে ৬ কোটির মতো। পদত্যাগ করার আগে নতুন চুক্তিতে কুম্বলেও নাকি ৮ কোটির মতো বেতনই চেয়েছিলেন।

দ্বিতীয় দফায় ভারতীয় দলের দায়িত্ব পাওয়া শাস্ত্রীর প্রথম পরীক্ষাটা হবে শ্রীলঙ্কায়। তিন টেস্ট, পাঁচ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলতে গতকাল সন্ধ্যায়ই শ্রীলঙ্কায় উড়ে গেছে বিরাট কোহলিরা। তার আগে একই সঙ্গে সংবাদমাধ্যমেরও মুখোমুখি হয়েছেন কোহলি ও শাস্ত্রী। সেখানেই কোহলি শুনিয়েছেন শাস্ত্রীর সঙ্গে জুটি নিয়ে তাঁর আশার কথা, ‘আমরা তিন বছর একসঙ্গে কাজ করেছি, আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া আছে। নতুন করে বোঝাপড়ার কিছু নেই। চাওয়াটা কী রকম, আর কী পেতে পারি, সেটা আমরা আগে থেকেই জানি।’

নতুন শুরুর আগে শাস্ত্রীও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোহলিদের, ‘গত তিন বছর এই দলটা অসাধারণ খেলেছে। সবচেয়ে বড় কৃতিত্ব প্রাপ্য তো এই ছেলেদেরই। রবি শাস্ত্রী, অনিল কুম্বলেরা তো আসবে যাবে।’ এএফপি, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস।