টেন্ডুলকারকে পেরোনোর অপেক্ষায় কুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়ান বোথাম অবশ্য বেশ আগেই বলেছেন কথাটা। তাঁর ধারণা, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রানের রেকর্ড, যেটি এখন শচীন টেন্ডুলকারের, তা একসময় অ্যালিস্টার কুকের হবে!
১৫৯২১ রানের মালিক টেন্ডুলকারকে ছুঁতে কুকের এখনো ঢের দেরি। তবে একটা রেকর্ডে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছিই আছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। ১২৬ টেস্টের ২২৬ ইনিংসে কুকের রান এখন ৯৯৬৪। শ্রীলঙ্কার বিপক্ষে আজ থেকে শুরু হেডিংলি টেস্টে আর মাত্র ৩৬ রান করলেই ক্রিকেট ইতিহাসের দ্বাদশ ও প্রথম ইংলিশ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলবেন এই ডানহাতি। শুধু তা-ই নয়, সবচেয়ে কম বয়সে এই মাইলফলক স্পর্শ করে ছাড়িয়ে যেতে পারবেন টেন্ডুলকারকেও।
টেন্ডুলকার ১০ হাজার রান করেছিলেন ২০০৫ সালের মার্চে, কলকাতায় পাকিস্তানের বিপক্ষে। ৩১ বছর ১০ মাস বয়সে। গত বছরের বড়দিনে ৩১ বছর হলো কুকের। তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ৩৬ রান করলেই টেন্ডুলকারের চেয়ে ৫ মাস কম বয়সেই কুক হয়ে যাবেন ১০ হাজার রানের মালিক।
কাউন্টিতে এ মৌসুমে এসেক্সের হয়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন অ্যালিস্টার কুক। দলের হয়ে সর্বশেষ ৮ ইনিংসে তাঁর রান ৮৮, ১০৫, ৩৫*, ১, ১২৭, ৬৫, ১৪২ ও ৪৮। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিও তাই দারুণই হয়েছে বলা যায়। ব্যাট হাতে প্রথম ইনিংসেই তাই টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে না পারেন কুক, সেটাই হবে বিস্ময়ের।
এর আগে টেস্টে ক্রিকেটে টেন্ডুলকারের সবচেয়ে কম বয়সে ৮ হাজার ও ৯ হাজার রানের মাইলফলক ছোঁয়ার রেকর্ডও ভেঙেছেন কুক।