টেন্ডুলকারকে ফিরিয়ে দুঃখ পেয়েছিলেন শোয়েব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেজায় দুঃখ পেয়েছিলেন শোয়েব আখতার। ছবি: এএফপি
বেজায় দুঃখ পেয়েছিলেন শোয়েব আখতার। ছবি: এএফপি
২০০৩ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল পাকিস্তান। সেঞ্চুরিয়নের সে ম্যাচে শচীন টেন্ডুলকার খেলেছিলেন ৯৮ রানের ইনিংস। তাঁকে ফিরিয়ে দিয়ে নাকি সেদিন শোয়েব আখতার বেজায় বিষন্ন হয়েছিলেন। তাঁর মতে, সেঞ্চুরিটা টেন্ডুলকারের প্রাপ্য ছিল

বিশ্বকাপের ম্যাচ। প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী দল, চিরশত্রু দল। সে দলের সেরা ব্যাটসম্যানকে আউট করে দিয়েও মন খারাপ। এ যে অবিশ্বাস্য কথাবার্তা। অবশ্য ইদানীং অবিশ্বাস্য, চটকদার সব কথাবার্তা বলেই ইউটিউবে নিজের চ্যানেলের হিট বাড়াচ্ছেন শোয়েব আখতার।

ঘটনা ২০০৩ সালের বিশ্বকাপের। গ্রুপ পর্যায়ে সেঞ্চুরিয়নে মুখোমুখি ভারত ও পাকিস্তান। প্রথমে ব্যাটিং করে পাকিস্তান ৭ উইকেটে ২৭৩ রান তুলল স্কোরবোর্ডে। কিন্তু জবাব দিতে নেমে ভারতের কাছে লক্ষ্যমাত্রাটা কখনোই কঠিন মনে হয়নি শচীন টেন্ডুলকারের এক বিস্ফোরক ইনিংসে।
'মাস্টার ব্লাস্টার' টেন্ডুলকারকে ফিরিয়েছিলেন শোয়েবই, ব্যক্তিগত ৯৮ রানে। ২ রানের জন্য সেঞ্চুরি মিস। 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' নিজেই জানিয়েছেন, টেন্ডুলকারকে আউট করে খুব খারাপ লেগেছিল তাঁর, 'ওটা ছিল বিশেষ এক ইনিংস। কিন্তু ৯৮ রানে টেন্ডুলকার আউট হওয়ার পর বেশ বিষন্ন হয়ে পড়েছিলাম। সেঞ্চুরি প্রাপ্য ছিল তাঁর। আমার যে বাউন্সারে টেন্ডুলকার আউট হয়েছিল, সেটিতে সে যদি ছক্কা মারত, তাহলে আমি মনে মনে বেশিই খুশি হতাম।'