টেন্ডুলকারকে যেখানে ছাড়ালেন কোহলি

শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারবেন বিরাট কোহলি? এমন প্রশ্ন উচ্চকিত টেন্ডুলকারের প্রস্থানের পরই। অনেকে বলছেন, টেস্টে না হলেও ওয়ানডেতে ভারতের ক্রিকেট কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে কোহলির। সবই সম্ভাবনার কথা। তবে বাস্তবে একটি জায়গায় টেন্ডুলকারকে এখনই ছাড়িয়ে গেলেন কোহলি! টুইটারে টেন্ডুলকারকে টপকে সবচেয়ে বেশি অনুসারী ভারত দলের বর্তমান সহ-অধিনায়কের।
গতকাল পর্যন্ত টুইটারে কোহলির অনুসারীর সংখ্যা ৪৮ লাখ ৭০ হাজার ১৯০ জন। সেখানে টেন্ডুলকারের ৪৮ লাখ ৬৯ হাজার ৮৪৯ জন। অক্টোবরে ৪০ লাখ অনুসারী পূর্ণ হওয়ার পর কোহলি একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, ‘এটি ৪০ লাখ অনুসারীর সেলফি। আশা করি, আপনার পছন্দ হয়েছে।’
টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার পর নতুন কোনো ছবি পোস্ট বা কিছু লেখেননি কোহলি। ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্বের মধ্যে কোহলি-টেন্ডুলকারের পর সবচেয়ে বেশি অনুসারী মহেন্দ্র সিং ধোনির—৩৩ লাখ ৮০ হাজার জন। তথ্যসূত্র: পিটিআই।