টেন্ডুলকারকে সম্মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনে কম সম্মান পাননি, ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ভারতরত্নও পেয়েছেন। এবার শচীন টেন্ডুলকার এমন একটা সম্মান পেলেন, যা আর কোনো ক্রিকেটার কবে পাবেন, সেটি বলতে পারে কেবল সময়। এমনিতে খেলার সঙ্গে ললিতকলার খুব একটা সংযোগ নেই। টেন্ডুলকারের সূত্রে এই দুই জগতেরও একটা সেতুবন্ধ হয়ে যাচ্ছে। ভারতের ১০ জন সমকালীন শিল্পী একটা চিত্র ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করছেন। বিষয় একটাই—টেন্ডুলকার। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিকের ক্যারিয়ারটাই এবার বিমূর্ত হয়ে থাকবে শিল্পীর তুলিতে আর ভাস্করের স্পর্শে। কয়েকজন শিল্পীকে টেন্ডুলকার তাঁদের কাজের জন্য সময়ও দিয়েছেন। টেনআর্ট নামের একটা সংগঠন আয়োজিত এই প্রদর্শনী হবে নয়াদিল্লির ন্যাশনাল গ্যালারি অব মডার্ন আর্টে, এই ডিসেম্বরেই। পিটিআই।