টেন্ডুলকারের একটি ব্যাপারেই হতাশা কপিলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কপিল দেব মনে করেন বড় স্কোর গড়ার ক্ষেত্রে ঘাটতি ছিল শচীন টেন্ডুলকারের
কপিল দেব মনে করেন বড় স্কোর গড়ার ক্ষেত্রে ঘাটতি ছিল শচীন টেন্ডুলকারের

শচীন টেন্ডুলকার ব্যাট হাতে তাঁর ক্যারিয়ারে কী কী করেছেন, সেটি কারওরই অজানা নয়। বরং তিনি কী করতে পারেননি, সেটি নিয়েই বোধহয় আলোচনা হতে পারে। ক্যারিয়ারে করেছেন ১০০ সেঞ্চুরি। ক্রিকেটে সম্ভব–অসম্ভব অনেক রেকর্ডই তাঁর দখলে। ২০০ টেস্ট খেলেছেন, ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন খেলোয়াড়ি জীবনেই। কিন্তু তারপরেও ‘লিটল মাস্টার’কে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নন ভারতের বিশ্বকাপজয়ী প্রথম অধিনায়ক কপিল দেব। টেন্ডুলকারকে নিয়ে তাঁর মূল হতাশা, সেঞ্চুরিকে ২০০, ৩০০–কতে পরিণত করার ক্ষমতায় ঘাটতি ছিল তাঁর। কপিল মনে করেন, টেন্ডুলকারের নামের পাশে আরও ডাবল সেঞ্চুরি কিংবা ট্রিপল সেঞ্চুরি থাকা উচিত ছিল।

টেস্টে ১২টি ডাবল সেঞ্চুরি স্যার ডন ব্র্যাডম্যানের। কিন্তু টেন্ডুলকার ডাবল সেঞ্চুরি ‘ক্লাবে’ শীর্ষ দশে নেই—এটা ঠিক মেন নিতে পারেন না কপিল। তাঁর মতে, ‘যে প্রতিভা নিয়ে টেন্ডুলকার জন্মেছিল, তাতে তাঁর নামের পাশে অন্তত ১০টি ডাবল সেঞ্চুরি থাকা উচিত ছিল।’ কপিলের মতে ২০০ টেস্ট খেলে ১০টি ডাবল সেঞ্চুরি টেন্ডুলকার করতেই পারতেন।

টেন্ডুলকার ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন। ছয়টি করে ডাবল সেঞ্চুরি আছে তাঁর স্বদেশী বীরেন্দর শেবাগ, শ্রীলঙ্কার মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা, পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। এঁদের চেয়ে অনেক বেশি সংখ্যক ম্যাচ খেলেও টেন্ডুলকারের ডাবল সেঞ্চুরি কেন আরও বেশি হলো না—কপিলের হতাশা এখানেই।

সেঞ্চুরি করতে জানলেও স্কোরটাকে কীভাবে আরও বড় করা যায়, টেন্ডুলকারের তা জানা ছিল না বলে দাবি কপিলের ,‘টেন্ডুলকারের মতো প্রতিভাবান আমি কাউকেই দেখিনি। কীভাবে সেঞ্চুরি করতে হয় তা সে খুব ভালো পারত। তবে সে ব্যাটিংয়ে নির্মম হতে পারেনি। শচীনের মধ্যে ক্রিকেটের সব ছিল। সে কীভাবে সেঞ্চুরি করতে চায় সে জানত। কিন্তু সেঞ্চুরি গুলোকে কীভাবে ডাবল বা ট্রিপল সেঞ্চুরি করা যায় , তা সে জানত না। ’

টেস্টে টেন্ডুলকারের ৫১ টি সেঞ্চুরি আছে। কিন্তু তাঁর প্রথম ডাবল সেঞ্চুরিটি আসে ক্যারিয়ার শুরুর ১০ বছর পর— ১৯৯৯ সালে হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৫১টি সেঞ্চুরির মধ্যে মাত্র ২০ টি সেঞ্চুরি আছে যেগুলিতে তাঁর সংগ্রহ ১৫০–এর বেশি। ট্রিপল সেঞ্চুরি নেই একটিও। অথচ শচীনের নামের পাশে কমপক্ষে পাঁচটি ট্রিপল সেঞ্চুরি থাকা উচিত ছিল বলে মনে করেন কপিল ,‘ টেন্ডুলকারের পাঁচটি ট্রিপল ও দশটি ডাবল সেঞ্চুরি থাকা উচিত ছিল। কারণ তিনি ফাস্ট বোলার ও স্পিনারদের বিপক্ষে প্রতি ওভারেই বাউন্ডারি মারতে পারতেন।’

কপিল শুধু টেন্ডুলকারের সঙ্গেই খেলেননি। তাঁকে আন্তর্জাতিক ক্রিকেটে কোচিং করানোর অভিজ্ঞতাও আছে। তাই টেন্ডুলকারের মানসিকতাটা ভালোই জানা কপিলের ,‘ যেহেতু সে মুম্বই থেকে এসেছিল, তাদের মানসিকতা একশ করার পর আবার শূন্য থেকে শুরু করা। আমি বলেছিলাম তোমার নির্মম হওয়া উচিত। যেন বোলাররা তোমাকে ভয় পায়। শচীন সেরা প্রতিভাবান ছিল। কিন্তু সেঞ্চুরির পর সে সিঙ্গেল রান নিত। কিন্তু নির্দয় হতো না।’

টেন্ডুলকার খেলা ছেড়েছেন ২০১৩ সালে। এর মধ্যেই ভারতীয় ক্রিকেটে নতুন নায়ক হয়ে গেছেন বিরাট কোহলি। মজার ব্যাপার হচ্ছে, ক্যারিয়ারের মধ্যগগণে দাঁড়িয়ে থাকা কোহলিও এরই মধ্যে ৭টি ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন। টেন্ডুলকার অবশ্য প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন।