টেন্ডুলকারের কারণেই...

ক্লাবের নামেই আছে ‘লিজেন্ড।’ নামটি রাখাও হয়েছে একজন ‘লিজেন্ড’কে মাথায় রেখে। ক্লাবের উদ্বোধন আর লোগো উন্মোচন অনুষ্ঠানে যদি সেই ‘লিজেন্ডের’ হাত ধরেই হয়, এর চেয়ে ভালো কিছু আর হয় না। লুৎফর রহমান (বাদল) হাসিমুখে জানালেন, এ কারণেই তাঁর ক্লাব ‘লিজেন্ডস অব রূপগঞ্জের’ বোধনে নিয়ে আসা হচ্ছে শচীন টেন্ডুলকারকে!
নাম নতুন হলেও ক্লাব নতুন নয়। ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলও এটি—গাজী ট্যাংক ক্রিকেটার্স। তবে এই ক্লাবের মালিকানা কেনার পর থেকেই ক্লাবের নাম বদলে নিজের এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জকে মিলিয়ে বদলাতে চাইছিলেন নাম। অনেক দিনের প্রচেষ্টা, দেন-দরবার, আবেদনের পর গত পরশু বিসিবি সভায় অনুমোদিত হয়েছে ওই নাম। রাতেই লুৎফর রহমান জানিয়েছিলেন লোগো উন্মোচনে টেন্ডুলকারকে আনার খবর।
কাল নিজ অফিসে দিলেন আনুষ্ঠানিক ঘোষণা, ‘আমি আগে থেকেই বলে রেখেছিলাম নামটা অনুমোদন হলে আমি শচীন টেন্ডুলকারকে আনব। আমি যে নামটা লিজেন্ড রেখেছি, সেটার কারণ কিন্তু শচীন। তা ছাড়া জীবনে যা-ই কিছু করার চেষ্টা করি, টপ অব দ্য লাইন থাকার চেষ্টা করি। ক্রিকেটের ক্ষেত্রে তাই। এ জন্যই শচীনকে আনা। শচীনের মতো একজন লিজেন্ডকে এনে আমি আমার লিজেন্ড নাম উদ্বোধন করাতে পারছি, এতে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
টেন্ডুলকারের সঙ্গে লুৎফর রহমানের ঘনিষ্ঠতা অনেক দিনের। সেই সম্পর্কের জেরেই আসছেন টেন্ডুলকার। রাজধানীর একটি হোটেলে লোগো উন্মোচন অনুষ্ঠান হবে ১৪ অক্টোবর। কোনো এক কাজে টেন্ডুলকার তখন থাকবেন গুয়াহাটিতে। সেখান থেকেই ওই দিন সকালে ঢাকায় আসবেন চার্টার্ড ফ্লাইটে। লোগো উন্মোচন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে দেশের বর্তমান-সাবেক অধিনায়ক ও বোর্ডপ্রধানদের। ইউনিসেফের বিশেষ দূত টেন্ডুলকার বন্ধুকে অনুরোধ করেছে কোনো সামাজিক দায়বদ্ধতার আয়োজন রাখতে। লুৎফর রহমান জানালেন, রূপগঞ্জ কিংবা ঢাকার আশপাশেই কোনো স্কুলে যাওয়া, অটিজম স্কুল বা এমন কোথাও কোনো আয়োজনে নিয়ে যাওয়া হবে টেন্ডুলকারকে। থাকতে পারে আরও কিছু আয়োজন। রাতেই মুম্বাই ফিরবেন টেন্ডুলকার।
শুধু এই ক্লাব নয়, নিজের স্বপ্নের ক্রিকেট একাডেমিতেও টেন্ডুলকারকে সম্পৃক্ত করতে চান লুৎফর রহমান, ‘ক্রিকেটের প্রতি আমার অনেক আবেগ। আগেও বলেছি যে একটা একাডেমি করব। আমি চাই সেখানেও শচীনকে সম্পৃক্ত করতে। এখনো এটা নিয়ে রাজি করাতে পারিনি ওকে। চেষ্টা করছি। কারণ ও সাথে থাকুক আর না-থাকুক, ওর নামটাই অনেক। একাডেমির জন্য এখন জমি খোঁজা হচ্ছে, আশা করি এটি বিশ্বের সেরা একাডেমিগুলোর একটি হবে।’