
চারদিকে টি-টোয়েন্টির জয়জয়কার। ছোট সংস্করণের ক্রিকেট দর্শক টানছে। টাকাও আসছে দেদার। কেউ কেউ তো ক্রিকেটের ভবিষ্যৎ দেখেন টি-টোয়েন্টিতেই!
দর্শক টানা কিংবা টাকা আনার জন্য টি-টোয়েন্টি ঠিক আছে। কিন্তু শিশুদের শেখার জন্য ক্রিকেটের এই সংস্করণ আদর্শ নয়, বললেন শচীন টেন্ডুলকার। শিক্ষার্থী ক্রিকেটারদের প্রতি তাই ভারতীয় ক্রিকেট কিংবদন্তির পরামর্শ—টি-টোয়েন্টি পরিহার করো।
সবচেয়ে বেশি ২০০ টেস্ট এবং সবচেয়ে বেশি ৪৬৩টি ওয়ানডে খেললেও টেন্ডুলকার টি-টোয়েন্টি খেলেছেন মাত্র একটি। সেখানেও তিনি টেন্ডুলকারসুলভ ছিলেন না। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গের সেই ম্যাচে করেছিলেন মাত্র ১০ রান। উইকেট পেয়েছিলেন একটি। তবে তিনি টি-টোয়েন্টিতে শিশু-কিশোরদের প্রভাবিত না হওয়ারই পরামর্শ দেন। কারণ ছোট থেকে ক্রিকেটটা শিখতে হয় ব্যাকরণ মেনেই, শিখতে হয় ক্রিকেটের মৌলিক বিষয়গুলো। ছোট থেকে লম্বা ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলতে হবে, টি-টোয়েন্টি যা দিতে পারে না। তা ছাড়া টি-টোয়েন্টিতে দিলস্কুপ, রিভার্স সুইপ কিংবা সুইচ হিট খেলাটাও শিশুদের জন্য বিপজ্জনক ব্যাপার। সম্প্রতি মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের সঙ্গে দেখা করে টেন্ডুলকার বলেছেন এই কথাগুলোই। এই দলটিতে আছে তাঁর ছেলে অর্জুনও। এনডিটিভি।