টেন্ডুলকারের নতুন 'বোমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

প্রকাশ হওয়ার কথা আগামী পরশু। কিন্তু তার আগেই শচীন টেন্ডুলকারের আত্মজীবনীর যেটুকু সংবাদমাধ্যমে এসেছে, তাতে বিতর্কের ভালো খোরাকই আছে। গতকাল টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ের আরও কিছু অংশ এসেছে সংবাদমাধ্যমে। যেখানে ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের সরাসরি সমালোচনা করার পাশাপাশি তাঁকে সার্কাসের ‘রিং মাস্টার’ও বলেছেন ব্যাটিং জিনিয়াস!
২০০৭ বিশ্বকাপের আগে আগে নাকি রাহুল দ্রাবিড়কে সরিয়ে টেন্ডুলকারকে অধিনায়ক করতে চেয়েছিলেন চ্যাপেল। আত্মজীবনীতে সেই তথ্যটা দিয়ে টেন্ডুলকার লিখেছেন, ‘বিশ্বকাপের কয়েক মাস আগে চ্যাপেল একদিন আমার বাসায় এলেন। আমাকে অবাক করে দিয়ে বললেন, রাহুল দ্রাবিড়ের জায়গায় আমার অধিনায়ক হওয়া উচিত। অঞ্জলি (টেন্ডুলকারের স্ত্রী) আমার পাশে বসা ছিল। আমরা দুজন হতবাক হয়ে শুনলাম, তিনি আমাকে বলছেন—তুমি আর আমি মিলে লম্বা সময় ধরে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ করতে পারব। তিনি আমাকে অধিনায়কত্ব পেতে সাহায্য করবেনও বললেন! আমি বিস্মিত হলাম, একজন কোচ কী করে দলের অধিনায়ককে এতটুকু সম্মান না দিয়ে এমনটা বলতে পারেন!’
তবে এত দিন পরে এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চাননি দ্রাবিড়। ক্রিকইনফোকে সাবেক ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘আমার এ বিষয়ে কিছু বলার নেই, কারণ এটি দুজন মানুষের ব্যক্তিগত আলাপ।’ ক্রিকইনফো।