টেন্ডুলকারের পর ওয়ার্নও মুগ্ধ বাংলাদেশের খুদে লেগ স্পিনারে

শেন ওয়ার্নফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় বছর বয়সী লেগ স্পিনার আসাদুজ্জামানে দেশ মেতেছে আগেই; এবার বিশ্বও মেতে উঠছে তার ঘূর্ণিতে। বড় বড় বাঁকে ব্যাটসম্যান বিভ্রান্ত হচ্ছেন, আবার কখনো গুগলি পড়তে না পেরে হচ্ছেন বোল্ড। মাত্র ছয় বছর বয়সী এক স্পিনারের এমন কীর্তি সামাজিক মাধ্যমে সাড়া ফেলেছে বেশ কিছুদিন হলো। প্রায় এক সপ্তাহ মাত্র আসাদুজ্জামানের বোলিংয়ের ভিডিও নিজের ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। করেছিলেন ভূয়সী প্রশংসা।

এবার আসাদুজ্জামান নজরে পড়ে গেলেন শেন ওয়ার্নেরও। গতকাল বুধবার আসাদুজ্জামানের সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন। সে পোস্টে আসাদুজ্জামানের পরিচয় জানতে চেয়েছেন লেগ স্পিন কিংবদন্তি।

গতকাল আসাদুজ্জামানের ভিডিওটি পোস্ট করে শেন ওয়ার্ন লিখেছেন, ‘ওয়াও!!! আমার কাছে মাত্র পাঠানো হলো এটা। কত দারুণ, তাই না! কে এই ছেলে? অসাধারণ! এই বোলিং চালিয়ে যাও।’

ওয়ার্নের এই পোস্টে অনেকেই আসাদুজ্জামানের পরিচয় জানিয়েছেন। আবার অনেক অস্ট্রেলিয়ান আসাদুজ্জামান ও তার পরিবারকে খুঁজে বের করে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে বলেছেন। ওয়ার্নের বিদায়ের পর ভালো একজন লেগ স্পিনারের অভাবে ভুগছে অস্ট্রেলিয়া। সে অভাব আসাদুজ্জামান পূরণ করতে পারবে বলে তাঁদের ধারণা!

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বরিশালের উলালঘূণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বোলিং করছে আসাদুজ্জামান। তার বোলিং এর আগেই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। বাংলাদেশের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফীসও তার বোলিংয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ফেসবুকে।

এর আগে ১৪ অক্টোবর আসাদুজ্জামানের লেগ স্পিনে মুগ্ধ হয়ে টেন্ডুলকার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অসাধারণ! এক বন্ধুর কাছ থেকে ভিডিওটা পেলাম। দুর্দান্ত! এ খেলার প্রতি ছেলেটার ভালোবাসা স্পষ্টই!’ ইনস্টাগ্রামের সঙ্গে নিজের ফেসবুক প্রোফাইল থেকেও ভিডিওটা শেয়ার করেছেন শচীন।

নিজের অর্জনের সঙ্গে খুদে লেগ স্পিনার
ছবি: সংগৃহীত

শচীনের সে পোস্টের নিচে মন্তব্য করেছেন সময়ের অন্যতম সেরা লেগ স্পিনার আসাদুজ্জামানের আদর্শ রশিদ খানও। আফগানিস্তানের তারকা বোলার আগুনের ইমোজি দিয়ে প্রশংসা করেছেন আসাদুজ্জামানের দক্ষতার।

আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানস লিখেছে, ‘এ ছেলের বাঁক দেখে তো আমাদেরই মাথা ঘোরাচ্ছে!’