টেন্ডুলকারের পরে, গাঙ্গুলীর পাশে ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ওয়ার্নারের আরেকটি সেঞ্চুরি: ২০১৬ সালে তাঁর সপ্তম।  ছবি: এএফপি
ডেভিড ওয়ার্নারের আরেকটি সেঞ্চুরি: ২০১৬ সালে তাঁর সপ্তম। ছবি: এএফপি

ডেভিড ওয়ার্নার হয়তো আক্ষেপের আগুনে পুড়ছেন—আরেকটা ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার সূচিতে এ বছর কেন নেই! থাকলে হয়তো ক্রিকেটের রেকর্ড-পুত্র শচীন টেন্ডুলকারের একটি রেকর্ড ছাড়িয়ে যেতে কিংবা তাতে ভাগ বসাতে পারতেন! সেটা হয়নি, তবে এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পরে আর সৌরভ গাঙ্গুলীর পাশে থাকাই বা কম কিসে! 

ম্যাজিক! এ ছাড়া আর কী হতে পারে? বলা হচ্ছে ডেভিড ওয়ার্নারের ওয়ানডে ক্যারিয়ারের কথা। খুব সহজেই যেটিকে দুই ভাগ করে ফেলা যায়। প্রথম ভাগ ২০০৯ থেকে ২০১৫ সাল। এই ভাগে ৬৩টি ওয়ানডে খেলেছেন ওয়ার্নার। নামের পাশে যোগ করতে পেরেছেন মাত্র ৪টি সেঞ্চুরি। অথচ আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচসহ সর্বশেষ ছয়টি ইনিংসেই করেছেন ৪টি সেঞ্চুরি। ২০১৬ সালে সব মিলিয়ে তাঁর সেঞ্চুরি সাতটি। খেলেছেন ২৩টি ওয়ানডে। ২০০০ সালে ৩২ ম্যাচ খেলে সমানসংখ্যক সেঞ্চুরি করেছিলেন গাঙ্গুলী।
এক বছরে সর্বোচ্চ নয়টি সেঞ্চুরি টেন্ডুলকার করেছিলেন ১৯৯৮ সালে। এই কীর্তি গড়তে সে বছর ৩৪টি ম্যাচ খেলেছিলেন ‘লিটল মাস্টার’। ওয়ার্নার অবশ্য টেন্ডুলকারকে ছুঁতে না পারার জন্য আরেকটা আক্ষেপ করতে পারেন—এ বছর যে দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হয়েছেন তিনি। জানুয়ারিতে ভারতের বিপক্ষে ক্যানবেরায় আউট হয়েছিলেন ৯৩ রানে। নব্বইয়ের ঘরে পরের আউটটি আরও বেদনাদায়ক—ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানের জন্য সেঞ্চুরি করতে পারেননি। নড়বড়ে নব্বইয়ে সর্বোচ্চ ১৮বার আউট হওয়া টেন্ডুলকারের ১৯৯৮ সালে এই অভিজ্ঞা হয়েছে একবার—ঢাকায় ইন্ডিপেন্ডেস কাপে পাকিস্তানের বিপক্ষে ৯৫ রানে আউট হয়েছিলেন টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক।
ওয়ার্নার এক দিক থেকে অবশ্য গর্ব করতে পারেন। সাতটি সেঞ্চুরি তিনি করেছেন চারটি বড় দল ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর নিউজিল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে আটানব্বইয়ে টেন্ডুলকারের ৯টি সেঞ্চুরির ৪টিই এসেছে জিম্বাবুয়ে ও কেনিয়ার বিপক্ষে। টেন্ডুলকারকে ছুঁতে পারেননি। তবে স্বদেশি ডিন জোন্স, জিওফ মার্শ, মার্ক ওয়াহ, রিকি পন্টিং, ম্যাথু হেইডেন আর শেন ওয়াটসনদের ছাড়িয়ে অন্য এক উচ্চতায় উঠে গেছেন ওয়ার্নার। এই ছয়জনই ওয়ানডেতে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন। আগের ম্যাচেও সেঞ্চুরি করা ওয়ার্নার অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বার এই কীর্তি গড়লেন। এর আগে টানা দুটি সেঞ্চুরি ওয়ার্নার করেছিলেন ২০১২ সালের সিবি সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুটি ফাইনালে।
আরেকটি দিক দিয়েও পন্টিংকে ছাড়িয়ে গেছেন ওয়ার্নার। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিপাক্ষিক এক সিরিজে এত দিন ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল পন্টিংয়ের ২৪১। দুটি সেঞ্চুরিতে এই রান তিনি করেিছলেন ২০০৭ সালের ডিসেম্বরে। সেবারই এক বর্ষপঞ্জিতে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। ওয়ার্নার এবার চ্যাপেল-হ্যাডলি সিরিজ শুরু করেছিলেন ২৪ রানের ইনিংস দিয়ে। দ্বিতীয় ম্যাচে ১১৯ আর আজকের ১৫৬ মিলে তাঁর রান হলো ১১৯।
টেন্ডুলকারকে ছুঁতে না পারলেও এত এত কীর্তিতে ভাসার বছরটিকে মনের অন্দরে বিশেষ জায়গাই দেবেন ওয়ার্নার।