টেন্ডুলকারের বিরক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে অসম্ভব দায়িত্ব নিয়ে ব্যাট করতেন শচীন টেন্ডুলকার। শুধু কি ব্যাটিং? মাঠে ভারতীয় দলের হয়ে যেকোনো দায়িত্বই তিনি সামলাতেন নিজের সর্বোচ্চ দিয়ে। নিজে যেহেতু দায়িত্বশীল ছিলেন, তাই টেন্ডুলকারের খুব খারাপ লাগে, যখন দেখেন তাঁর দেশের অনেক মানুষই রাস্তায় চলার সময় ট্রাফিক আইন ভঙ্গ করেন। ব্যাপারটা টেন্ডুলকারের জন্য রীতিমতো হৃদয়বিদারক, ‘ব্যাপারটা সত্যিই মন ভেঙে দেওয়ার মতো, যখন দেখি লোকজন ট্রাফিক আইন ভাঙছে। সত্যি কথা বলতে কি, ভারতের তুলনায় অন্যান্য দেশের সাধারণ মানুষ ট্রাফিক আইনের প্রতি অনেক বেশি শ্রদ্ধাশীল।’ সিগন্যালে গাড়ি থামানোর সময় তা জেব্রা ক্রসিংয়ের ওপর তুলে দেওয়া কিংবা মোটরসাইকেলে তিনজন ওঠা, কিংবা হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো—ট্রাফিক আইন ভঙ্গের কয়েকটি প্রবণতার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে টেন্ডুলকারের আশা, মানুষ অন্তত এই বিষয়গুলোতে দায়িত্বশীলতার পরিচয় দেবে। এনডিটিভি।