টেন্ডুলকারের মতো বিদায় চান ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই পাকিস্তানের সর্বোচ্চ টেস্ট রানের মালিক হয়েছেন। ইউনিস খান আগামী মাসে পা দেবেন আটত্রিশে। পাকিস্তানি এই ব্যাটসম্যানের ইচ্ছে ১০ হাজার রান করার পর বিদায় নেবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তবে আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যু বা বিদেশের মাটিতে নয়, ইউনিস চান শচীন টেন্ডুলকারের মতো ঘরের মাঠে খেলেই বিদায় নিতে।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত ছিল প্রায় ছয় বছর। এই সময়ে দেশের মাটিতে টেস্ট খেলার স্বাদ পাননি ইউনিসও। তবে এখন চাইছেন, দর্শকদের উচ্ছ্বাস হৃদয়ে মেখে দেশের মাটিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ভারত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মতো, ‘আমার ইচ্ছা শচীন যেভাবে দেশের মাটিতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও কোচদের উপস্থিতিতে অবসর নিয়েছে, ঠিক সেভাবে নিয়ে বিদায় নেওয়ার।’

গত মে মাসে পাকিস্তানের সঙ্গে জিম্বাবুয়ে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে। তবে টেস্ট ম্যাচ হওয়ার সম্ভাবনা এখনো কম। দেশের মাটিতে টেস্ট খেলতে ব্যাকুল ইউনিস খান এ জন্য এগিয়ে আসতে বলছেন পুরো জাতিকে, ‘দেশের মাটিতে ছয় বছর খেলতে না পারার কষ্টটা আমাকে বেশ পোড়ায়। জাতি হিসেবে আমাদের পরিস্থিতির উন্নতি ও পরিবর্তন করা উচিত যাতে আমরা খেলাটা ফিরিয়ে আনতে পারি।’ ইন্ডিয়ান এক্সপ্রেস।