টেন্ডুলকারের যে আউট নিয়ে এখনো গর্ব করেন হারপার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকারকে ‘শোল্ডার বিফোর উইকেট’ আউট দিয়েছিলেন আম্পায়ার ড্যারিল হারপার। ফাইল ছবি
শচীন টেন্ডুলকারকে ‘শোল্ডার বিফোর উইকেট’ আউট দিয়েছিলেন আম্পায়ার ড্যারিল হারপার। ফাইল ছবি
>অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার বাউন্সারে ‘ডাক’ করেছিলেন টেন্ডুলকার। বল গিয়ে লাগে তার কাঁধে। ম্যাকগ্রাসহ অস্ট্রেলিয়ার ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তুলে দেন অস্ট্রেলিয়ার আম্পায়ার ড্যারিল হারপার।

‘শোল্ডার বিফোর উইকেট’—এমন কোনো আউট ক্রিকেটে নেই। বিশ্বের কোনো স্কোরবোর্ডে এটা খুঁজেও পাবেন না কেউ। অথচ এই আউটটাই কিনা একবার হয়েছিলেন শচীন টেন্ডুলকার! তবে সেই ম্যাচের স্কোর কার্ডে আউটটি এলবিডব্লুই হিসেবেই বলা আছে। তাহলে ‘শোল্ডার বিফোর উইকেট’ বলা হচ্ছে কেন? বলটা যে লেগেছিল টেন্ডুলকারের কাঁধে!

ঘটনাটি ১৯৯৯ সালের, ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে। টেন্ডুলকার তখন ছিলেন ভারতীয় দলের সমার্থক শব্দ। ভারতের ক্রিকেট পাগল মানুষ তাঁকে বলত ‘ক্রিকেট-দেবতা’। ওই সফরের অ্যাডিলেড টেস্টেই ও রকম অদ্ভুত আউট হয়েছিলেন টেন্ডুলকার। আউটটি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার ড্যারিল হারপার। সেই সময়ের অন্যতম সেরা আম্পায়ার এখনো মনে করেন, তাঁর সিদ্ধান্ত ঠিক ছিল।

অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার একটি বাউন্সারে ‘ডাক’ করেছিলেন টেন্ডুলকার। বল গিয়ে লাগে তাঁর কাঁধে। ম্যাকগ্রাসহ অস্ট্রেলিয়ার ফিল্ডারদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার হারপারও আঙুল তুলে দেন। বেশ হইচই হয়েছিল সেই আউট নিয়ে। সিদ্ধান্তটা নিয়ে হারপার সম্প্রতি বলেছেন, ‘আমি প্রতিদিনই টেন্ডুলকারের আউটের সিদ্ধান্তটি নিয়ে ভাবি। এমন নয় যে সেটির কারণে আমার ভালো ঘুম হয় না বা আমি দুঃস্বপ্ন দেখি। আমি এখনো সিদ্ধান্তটি নিয়ে গর্বিত। আমি মনে করি, ভয় না করে নিয়ম অনুযায়ী সঠিক সিদ্ধান্তটিই সেদিন নিতে পেরেছিলাম।’

সেই সময়ে ক্রিকেট বিশ্বে পরিচিত মুখই ছিলেন হারপার। তিনি অবশ্য মনে করেন, টেন্ডুলকারকে দেওয়া আউটটি তাঁকে বিশ্বজোড়া পরিচিত দিয়েছে, ‘সেই সময়ে শচীন ভারতের অধিনায়ক ছিল। অধিনায়ক হিসেবে ম্যাচ শেষে সে যখন আমার পারফরম্যান্সের বিষয়ে আইসিসির কর্মকর্তাদের নোট দিয়েছিল, ওই আউটের বিষয়ে কিছু লেখেনি। তবে আমি মনে করতে পারি ওই আউটের কারণে হঠাৎ করেই বিশ্বের এক ষষ্ঠাংশ মানুষ আমার নাম জেনে গিয়েছিল। তবে তারা সম্ভবত আমাকে খুব উঁচুতে রাখেনি।’

সেই ম্যাচে ভারতের উইকেটকিপার ছিলেন এমএসকে প্রসাদ। ভারতের সাবেক এই নির্বাচকের সঙ্গে ২০১৮ সালে দেখা হয় হারপারের। অ্যাডিলেড টেস্টের সেই আউট নিয়ে কথাও হয় দুজনের। সে আলাপের বিষয়টি হারপার তুলে ধরেছেন এভাবে, ‘২০১৮ সালে অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া আরেকটি টেস্ট ম্যাচের সময় ভারতের সাবেক নির্বাচক এমএসকে প্রসাদের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে প্রথমেই আমাকে বলেছে, “শচীন বলেছিল সে আউট ছিল। আমারও সেটাই মনে হয়েছিল।”

হারপার অবশ্য প্রসাদকে বলেন, ‘আমি নিজেও এর আগে কখনো এমন আউট দেখিনি। তবে এখনো বিশ্বাস করি সিদ্ধান্তটি ঠিক ছিল।’