টেন্ডুলকারের রেকর্ড কি স্মিথই ভাঙবেন
পাকিস্তান সফরে ‘পাটা’ উইকেটেও ভালোই হাসছে স্টিভ স্মিথের ব্যাট। রাওয়ালপিন্ডি টেস্টে খেলেছেন ৭৮ রানের ইনিংস। আজ করাচি টেস্টে প্রথম দিনেও অর্ধশতক তুলে নিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা। মোটামুটি স্মিথের টেস্ট পরিসংখ্যানে তাকিয়ে একটি বিষয়ে দ্বিধায় পড়াই যায়। শচীন টেন্ডুলকারের রেকর্ডটি তাহলে স্মিথই ভাঙবেন!
পরিসংখ্যান যে তথ্য–উপাত্ত দিয়েছে, তাতে স্মিথ কিন্তু টেন্ডুলকারের রেকর্ড ভাঙার পথেই আছেন। ৩২ বছর বয়সী ব্যাটসম্যান গত বছর টেস্ট ক্যারিয়ারের ১৩৯তম ইনিংসে এসে সাড়ে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন। টেন্ডুলকার একই মাইলফলকের দেখা পেয়েছেন তাঁর চেয়ে পাঁচ ইনিংস (১৪৪) বেশি খেলে।
আরও একটি বিষয়—করাচিতে ক্যারিয়ারের ৮৪তম টেস্ট খেলছেন স্মিথ। ৭২ রানে আউট হয়ে যাওয়া স্মিথ ৮৪তম টেস্টে ১৩৯তম ইনিংস শেষে ৭ হাজার ৯৩৪ রান করেছেন। টেন্ডুলকার ৮৪তম টেস্ট ম্যাচ খেলা শেষে তাঁর রানসংখ্যা ছিল ১৩৫ ইনিংসে ৬ হাজার ৯১৯। চাইলে ড্র হওয়া রাওয়ালপিন্ডি টেস্ট পর্যন্ত দুজনের পরিসংখ্যানেও তুলনা টানা যায়।
৮৩ টেস্টে ১৪৮ ইনিংসে স্মিথের সংগ্রহ ছিল ৭ হাজার ৮৬২। সমসংখ্যক ইনিংস শেষে টেন্ডুলকারের সংগ্রহ ছিল ৭ হাজার ৮৫৩ রান। তত দিনে টেন্ডুলকার দ্বিশতকের দেখাও পেয়েছেন। স্মিথও পেয়েছেন দ্বিশতকের দেখা। এ সময়ে দুজনের ব্যাটিং গড়ও বেশ কাছাকাছি। স্মিথের ৬০.০১। ওদিকে টেন্ডুলকারের ৫৯.৪৯। তবে এ মুহূর্তে ব্যাটিং গড়ে স্মিথ কিন্তু টেন্ডুলকারের চেয়ে এগিয়ে। ৬০.৪১ ব্যাটিং গড় নিয়ে করাচিতে ব্যাট করছেন স্মিথ। টেন্ডুলকারের টেস্ট ব্যাটিং গড় ৫৩.৭৮।
টেস্ট ইতিহাসে টেন্ডুলকারের রান (১৫,৯২১) ও শতকসংখ্যাই (৫১) সর্বোচ্চ। শতকের তুলনামূলক হিসাবটা করে নেওয়া যাক। টেন্ডুলকার খানিকটা এগিয়ে। ১৪৮তম ইনিংস শেষে টেন্ডুলকারের শতক ছিল ২৯টি। স্মিথের ২৭টি। তবে অর্ধশতকসংখ্যায় স্মিথই এগিয়ে। টেন্ডুলকার তাঁর ক্যারিয়ারের এ পথ পর্যন্ত ৩১টি অর্ধশতক তুলে নেন। স্মিথের অর্ধশতকসংখ্যা ৩৪টি—রাওয়ালপিন্ডি টেস্ট পর্যন্ত।
তবে স্মিথকে এখনো অনেক পথ এগোতে হবে। টেন্ডুলকারের ২০০ টেস্ট খেলাই তো একটা বড় রেকর্ড। দুজন পরস্পরকে বেশ পছন্দও করেন। ২০২০ সালে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নোত্তর দেওয়ার সময় টেন্ডুলকার প্রসঙ্গে স্মিথ বলেছিলেন, ‘তাঁর ব্যাটিং দেখতে ভালোবাসতাম। বিশেষ করে যখন বলটা নিচে খেলতেন। তাঁর স্ট্রেট ড্রাইভ চোখধাঁধানো।’
টেন্ডুলকারও সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে একবার বলেছিলেন তিনি মাঠে থাকলে স্মিথকে আউট করতে বোলারদের কী পরামর্শ দিতেন, ‘টেস্ট ম্যাচে সাধারণত আমরা বোলারকে চতুর্থ স্টাম্পে বল করতে বলি। স্মিথ যেহেতু একটু সরে আসে, তাই লাইনটা চার–পাঁচ ইঞ্চি সরবে। স্মিথের ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ তুলতে কল্পিত চতুর্থ বা পঞ্চম স্টাম্পে বল করতে হবে।’