টেন্ডুলকারের সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬-০ করে ফেলার উচ্ছ্বাসে হাওয়ায় ভাসা চলছেই। তবে ভারতের সামনে কিন্তু এসে যাচ্ছে ০-৩ বাস্তবতা! বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজেয় যাত্রা ধরে রেখেছে ভারত। কিন্তু রুখতে পারবে দক্ষিণ আফ্রিকার অপরাজেয় যাত্রা? বিশ্বকাপে প্রোটিয়াদের সঙ্গে ৩ ম্যাচ খেলে সব কটিই হেরেছে ভারত। এই তিনটি ম্যাচেই হারের তেতো স্বাদ আছে যাঁর, সেই শচীন টেন্ডুলকারের ধারণা, কাজটি সহজ হবে না এবারও!
১৯৯২ বিশ্বকাপে অ্যাডিলেডে ভারতকে ৬ উইকেটে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা, ১৯৯৯ সালে হোভে জিতেছিল ৪ উইকেটে। ওই দুই ম্যাচে ব্যর্থ হয়েছিলেন টেন্ডুলকার নিজেও (১৪ ও ২৮)। তবে গত বিশ্বকাপে নাগপুরে কথা বলেছিল টেন্ডুলকারের ব্যাট (১১১), কিন্তু ২৯৬ করেও ভারত শেষ পর্যন্ত হেরেছিল ৩ উইকেটে। এবার প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে ভারত। অগ্রযাত্রার পালায় এই দুই দল মুখোমুখি হচ্ছে ২২ ফেব্রুয়ারি মেলবোর্নে।
ভাতীয় টিভি হেডলাইনস টুডেকে টেন্ডুলকার বলেছেন, পাকিস্তানের চেয়ে অনেক কঠিন হবে দক্ষিণ আফ্রিকাকে হারানো, ‘পাকিস্তানের চেয়ে দক্ষিণ আফ্রিকা সব দিক থেকেই অনেক অনেক এগিয়ে। ভারতকে আরও উন্নতি করতে হবে। বিশেষ করে উদ্বোধনী জুটিতে আর রানিং বিটুইন দ্য উইকেটে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিঙ্গেল নেওয়া খুব সহজ হবে না। প্রোটিয়াদের ফিল্ডিং দুর্দান্ত, সবাই খুব দ্রুতগতির, হাতও খুব শক্তিশালী, থ্রোয়িং নিখুঁত।’
দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণও পাকিস্তানের চেয়ে অনেক অভিজ্ঞ ও শক্তিশালী। টেন্ডুলকার আলাদা করে বললেন ডেল স্টেইনের কথা, ‘কোনো সংশয় নেই যে স্টেইনকে সামলানোই হবে সবচেয়ে কঠিন। বছরের পর বছর অবিশ্বাস্য বোলিং করে আসছে। ওর বিপক্ষে আগে থেকে কিছুই ঠিক করে রাখা যায় না। ওরও খারাপ দিন আসতে পারে। কিন্তু সেটা সবারই আসে। ওকে খুব সতর্কতায় খেলতে হবে।’
টেন্ডুলকারের বিশ্বাস, শিরোপা ধরে রাখার সামর্থ্য আছে ভারতের। তবে শর্ত একটি, ‘জিততে হলে আমাদের একটি দল হয়ে খেলা চাই। পুরো দলকেই ধারাবাহিকভাবে খেলতে হবে। এক-দুজনের ওপর নির্ভর করছে চলবে না।’ এএফপি, রয়টার্স।