টেন্ডুলকারের সাঙ্গাকারা-বন্দনা

আর মাত্র একটি টেস্ট। কলম্বোর পি সারা ওভালে কাল থেকে শুরু টেস্টটা যদি শেষ দিন পর্যন্ত গড়ায়, তাহলে কুমার সাঙ্গাকারার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের আয়ু আর মাত্র পাঁচ দিন! বিদায়ী ম্যাচের আগে নিজ দল ও প্রতিপক্ষ তো বটেই, সাঙ্গাকারা-বন্দনায় মেতেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও।
প্রায় দুই যুগের আলোঝলমলে ক্যারিয়ার শেষে টেন্ডুলকার চিরদিনের জন্য ব্যাট-প্যাড তুলে রেখেছেন ২০১৩ সালের নভেম্বরে। ২০০০ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাঙ্গাকারাও কাটিয়ে দিয়েছেন প্রায় দেড় দশক। ক্যারিয়ারে একে অন্যের বিপক্ষে খেলেছেন অনেকবার। কাছ থেকে দেখার অভিজ্ঞতাই টেন্ডুলকারকে করেছে সাঙ্গাকারার মুগ্ধ দর্শক, ‘ও সত্যিই দুর্দান্ত। চোখের সামনে ওকে এভাবে পরিণত হয়ে উঠতে দেখাটা দারুণ ব্যাপার। ক্রিকেট ক্যারিয়ারের শুরুর দিকে ও বিগ হিটার ছিল না। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় ধাপে সে সেটাও রপ্ত করে এবং মেরে খেলতে শুরু করে৷ অভিজ্ঞতা থেকেই ও নিজেকে এভাবে বদলেছে৷ অত্যন্ত ধারাবাহিক, যা সত্যিই অবাক হওয়ার মতো। এটাই বিশ্বমানের ক্রিকেটারের লক্ষণ।’
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে সাঙ্গাকারাকে নিয়ে কথা বলতে গিয়ে টেন্ডুলকার যেন থামতেই চাইলেন না, ‘সাঙ্গাকারার ব্যাটিংয়ের ধরনটা ওর নিজস্ব। বাঁ-হাতিদের ব্যাটিং দেখতে সাধারণত বেশ ভালো লাগে, সাঙ্গাকারাও ব্যতিক্রম নয়।’
তবে প্রতিপক্ষ হিসেবে সেটা যে খুব একটা উপভোগ্য হতো না, টেন্ডুলকার হেসে বলেছেন সেটাও, ‘ও যখন নিজের ছন্দে থাকত, প্রতিপক্ষ হিসেবে তা দেখতে মোটেই ভালো লাগত না। যখনই শ্রীলঙ্কার বিপক্ষে খেলতাম, সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান হিসেবে ওর উইকেটটাই বেশি চাইতাম আমরা। উইকেটে কোনো কারণে অস্বস্তিতে পড়লেও, সে থেমে থাকত না। তখনো ওর মধ্যে বড় রান করার ক্ষুধা দেখেছি। সাঙ্গাকারা আসলে শুধু শ্রীলঙ্কার ক্রিকেটারদের নয়, সারা বিশ্বের ক্রিকেটারদেরই আদর্শ।’
এমন একজন ক্রিকেটারের বিদায়বেলার আবেগ ছুঁয়ে গেছে প্রতিপক্ষ ভারতের অধিনায়ক বিরাট কোহলিকেও। বিসিসিআইয়ের ওয়েবসাইটে দেওয়া প্রতিক্রিয়ায় কোহলি বলেছেন, ‘আমি দারুণ খুশি যে ক্যারিয়ারের শেষ ম্যাচ তিনি আমাদের বিপক্ষে খেলছেন, কারণ এটির অংশ হতে পারাও আমাদের জন্য বিশেষ উপলক্ষ।’
সাঙ্গাকারাকে শুভকামনা জানাতে গিয়েও কোহলি তাঁকে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়, ‘ঠিক উপলব্ধি করতে না পারলেও বুঝতে পারি খেলা ছাড়ার আগের মুহূর্তে একজনের কেমন লাগে। আর সাঙ্গাকারা এমন একজন, যিনি সম্ভবত ২০ বছর ধরে দিনের পর দিন ক্রিকেট খেলা ছাড়া আর কিছুই করেননি। অসাধারণ ক্রিকেটার, অনেক বাঁ-হাতি ব্যাটসম্যানের আদর্শ। দুর্দান্ত টেকনিক। বিশ্বের সব জায়গায় রান করেছেন। পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলছে।’
মুগ্ধতা ভারতীয় ক্রিকেট দলের পরিচালক রবি শাস্ত্রীর কণ্ঠেও। ২০০০ সালে সাঙ্গাকারার অভিষেক ম্যাচের কথা মনে করে বলেছেন, ‘ওই ম্যাচে আমি ধারাভাষ্য দিয়েছিলাম, সে এখনো খেলে যাচ্ছে। মাঝে হয়তো বছর খানেক বা মাস ছয়েক তার ফর্ম পড়তির দিকে ছিল। ওইটুকু ছাড়া তার ধারাবাহিকতা ঈর্ষণীয়।’
আর সে কারণেই শাস্ত্রী সাঙ্গাকারাকে রেখেছেন ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যানদের কাতারে, ‘একবার নিজেকে বিশ্বের সেরা দু-তিনজন ব্যাটসম্যানের মধ্যে নিয়ে আসার পর সে আর সেখান থেকে সরেনি। খুব কম ক্রিকেটার আছেন, যাঁরা এটা করতে পেরেছেন। শচীন টেন্ডুলকার এমন একজন। সাঙ্গাকারার রেকর্ডও এটাই প্রমাণ করে।’ টাইমস অব ইন্ডিয়া, বিসিসিআই ডটটিভি।