টেন্ডুলকারের হুমকি কুক-কোহলি?

২৪ বছরের খেলোয়াড়ি জীবনে সব পেয়েছেন শচীন টেন্ডুলকার। ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি, ৩৪ হাজারের বেশি রান; ক্রিকেটের অনেক রেকর্ডই তাঁর দখলে। ২০১৩ সালে ক্রিকেটকে বিদায় বলার সময়ও অনেকে বলেছেন, টেন্ডুলকার যা যা করে গেলেন, তা ভবিষ্যতে কেউ পেরিয়ে যেতে পারবে কি না সন্দেহ! মজার ব্যাপার, তাঁর অবসরের তিন বছর পেরোতে না পেরোতেই তাঁর কিছু রেকর্ড হুমকির মুখে! বিশেষ করে টেস্টে ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক আর ওয়ানডেতে বিরাট কোহলি যেভাবে এগিয়ে চলেছেন, তাতে অনেকেই মনে করেন তারা একদিন টেন্ডুলকারের অর্জন ছুঁয়ে ফেলবেন কিংবা তাঁকে ছাড়িয়ে যাবেন।
দিন কয়েক আগেই সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে ১০ হাজার রান পূরণ করলেন কুক। শচীন টেন্ডুলকার যেখানে ৩১ বছর ৫ মাস বয়সে ১০ হাজার রান পূরণ করেছিলেন, সেখানে কুক করলেন ৩১ বছর বয়সে। টেন্ডুলকারের মতো ২০০ টেস্ট খেলার সৌভাগ্য যদি কুকের হয়, তাহলে তিনি যে টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ টেস্ট রানের রেকর্ড পেরিয়ে যাবেন, সেটা বলাই যায়।
কুককে নিয়ে কিন্তু আশাবাদী টেস্টের কুলীন ১০ হাজারি ক্লাবের প্রথম সদস্য সুনীল গাভাস্কার। টেস্ট দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি টেস্ট খেলার সুযোগ পায় ইংল্যান্ড। সে হিসাবে কুক যদি নিজের ফর্মে ধারাবাহিক থাকেন, তাহলে তিনি টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিতেই পারেন, ‘ইংল্যান্ড বরাবরই একটা বাড়তি সুবিধা পায়। তারা বছরে অন্তত ১১-১২টা টেস্ট খেলতে পারে। এই টেস্টগুলোর প্রতিটি খেলে যদি প্রতিটিতে একটি করে হায় সেঞ্চুরি করলেও তো বছরে ৫০০ রান হয়। এখানে ছয়-সাত বছরের মাথায় সে টেন্ডুলকারকে তো টপকে যাবে। তা ছাড়া বয়সটাও কুকের পক্ষেই।’

বিরাট কোহলি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে নিজেকে শচীন টেন্ডুলকারের চেয়েও ভয়ংকররূপে প্রকাশ করেছেন। তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা তো বলেই দিয়েছেন, টেন্ডুলকারকে ছাপিয়ে যাওয়ার সব ধরনের গুণই আছে কোহলির। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে বিরাট। আমি এর আগে ভারতের পক্ষে বিরাটের চেয়ে ধারাবাহিক কোনো ক্রিকেটারকে দেখিনি।’
১৭১টি ওয়ানডেতে ৭ হাজারের বেশি রান। ২৫টি সেঞ্চুরি। বয়স মোটে ২৭। এখন দেখার বিষয় পরের ১০ বছরে কোহলি তাঁর ছেলেবেলার কোচের অনুমান সঠিক প্রমাণ করতে পারেন কি না! সূত্র : এনডিটিভি, দ্য হিন্দু।