টেন্ডুলকারের 'এক হাজার সেঞ্চুরি'!

২২ গজে শচীন টেন্ডুলকারের কীর্তি নিয়ে নতুন করে কী বলার আছে! রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গিয়েছেন অন্য উচ্চতায়। কিন্তু মাঠের বাইরে ‘ব্যাটিং জিনিয়াস’ যে রেকর্ড গড়তে যাচ্ছেন, তা জেনে চোখ কপালে উঠতেই পারে। কিছুদিন আগে প্রকাশ হয়েছে টেন্ডুলকারের আত্মজীবনী প্লেয়িং ইট মাই ওয়ে। বইটির চাহিদা রীতিমতো আকাশচুম্বী! ধারণা করা হচ্ছে, ভারতে সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের রেকর্ড ভাঙবে এটি।
ভারতে বইটি প্রকাশ করেছে হাশেট। দাম ৮৯৯ রুপি, বাংলাদেশের টাকায় ১ হাজার ১০০ টাকার মতো। ভারতে এ পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রি হওয়া ওয়াল্টার আইজকসনের লেখা স্টিভ জবসের আত্মজীবনীকে ছাড়িয়ে যাবে টেন্ডুলকারের বই। জবসের আত্মজীবনী বিক্রি হয়েছিল ১ লাখ ৩০ হাজার কপি। এরই মধ্যে টেন্ডুলকারের বইয়ের ১ লাখ ৫০ হাজার কপি অর্ডার পেয়েছে প্রকাশনা সংস্থা। ক্রমেই এটি বাড়বে বলেই ধারণা।
হাশেট ভারতের ব্যবস্থাপনা পরিচালক থমাস আব্রাহাম এক বিবৃতিতে জানিয়েছেন, ‘ব্যাটের মতো টেন্ডুলকারের কলমও রেকর্ড করবে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমরা খুবই আনন্দিত, অভিষেকেই তিনি “এক হাজার সেঞ্চুরি (১ লাখ)” হাঁকিয়েছেন! ইনিংস তো মাত্রই শুরু হলো।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।