টেন্ডুলকারের 'তত্ত্ব' - ক্রিকেট মাঠে 'একাদশে' ১৫ জন!

ধরুন, কোনো এক কিশোর ক্রিকেটার বহু দূর পাড়ি দিয়ে খেলতে এল স্টেডিয়ামে। কিন্তু এত কষ্ট করেও জানতে পারল, দলে জায়গা হয়নি তার! অথবা উঠতি এক পেসার দলে সুযোগ পাচ্ছে না, কারণ স্পিনিং উইকেট দেখে দলে নেওয়া হয়েছে তিনজন স্পিনারকে। এতে করে কিশোর ক্রিকেটারদের মনে একটা খারাপ প্রভাব পড়ে, শুরুর এমন বাধা দাগ রেখে যায় মনে।
এমন সমস্যার সমাধানে নতুন একটা বুদ্ধি দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। ১১ জনের পরিবর্তে দলে খেলবে ১৫ জন। দলটাকে একাদশ বলে এগারো জন খেলে জন্য। টেন্ডুলকারের পরামর্শ, মাঠে ১১ জনই থাকবে, বাকি ৪ জন যেকোনো সময়ে মাঠে নামার সুযোগ পাবে বিকল্প হিসেবে। স্কুল ও কলেজ পর্যায়ের ক্রিকেটে এই নিয়ম চালু করার জন্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (এমসিএ) প্রস্তাব দিয়েছিলেন টেন্ডুলকার। নামে একাদশ হলেও আসলে খেলার সুযোগ মিলবে ১৫ জনরেই।
প্রস্তাবটা তিনি দিয়েছিলেন আরও দুই বছর আগে। ২০১৩ সালে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর। তখন প্রস্তাবটা নাকচ করে দিয়েছিল এমসিএ। কিন্তু সাবেক অধিনায়ক দিলীপ ভেংসরকার সংস্থাটির সহসভাপতি হয়ে আসার পর টেন্ডুলকারের প্রস্তাবটি নিয়ে ভেবে দেখতে শুরু করেছে। গত শনিবার নির্বাহী কমিটির এক সভার পর এমসিএ সেটিকে পরীক্ষামূলকভাবে বাস্তবায়নেরও সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য ১৫ জন নয়, দলে খেলোয়াড় থাকবে ১৩ জন। সোমবার থেকে শুরু হতে যাওয়া একটি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টে এই ‘১৩ সদস্যের দলের’ ক্রিকেটের কথা ভাবছে এমসিএ।
মাঠে খেলোয়াড় ১১ জনই থাকবে, বাকি দুজনকে যেকোনো সময় নামানো যাবে। এই পদ্ধতির সুবিধাটা হচ্ছে, একটি দল ব্যাটিংয়ের সময় ৭ জন ব্যাটসম্যান এবং ফিল্ডিংয়ের সময় কমপক্ষে ছয়জন বোলার নিয়ে মাঠে নামতে পারবে। তাতে আরও বেশি কিশোর ক্রিকেটার খেলার সুযোগ পাবে।
নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্পর্কে ভেংসরকার বললেন, ‘কয়েক মাস আগে টেন্ডুলকার যখন আমার সঙ্গে ওর ভাবনাটি নিয়ে আলোচনা করল, আমার কাছে মনে হলো অনূর্ধ্ব-১৪ ও নতুন করে শুরু হওয়া অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টগুলোতে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। আমি খুশি যে নির্বাহী কমিটির অন্য সদস্যরাও এ ব্যাপারে একমত হয়েছে।’
টেন্ডুলকারও খুশি তার প্রস্তাবের বাস্তব প্রয়োগ দেখে। মুম্বাই ক্রিকেটের জন্যই এটি ভালো হবে জানিয়ে এই কিংবদন্তি ব্যাটসম্যান বললেন, ‘তরুণ ক্রিকেটারেরা আরও বেশি খেলার সুযোগ পাবে এটি ভেবে খুশি লাগছে। মনে আছে, দুই বছর আগেই এমসিএকে এই পদ্ধতির কথা বলেছিলাম। তরুণ ক্রিকেটারেরা যেন আরও বেশি ম্যাচে অংশ নেওয়ার সুযোগ পায়, সে ব্যাপারে আমাদের চেষ্টা করা উচিত। সেটি হচ্ছে দেখে আমি খুশি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।