
মোহাম্মদ শামির শর্ট বলটাকে থার্ডম্যান দিয়ে উড়িয়ে ফেললেন গ্যালারিতে। বিশাল ওই ছক্কায় বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি হয়ে গেল ব্রেন্ডন টেলরের। হেলমেট খুলে, ব্যাট উঁচিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন। জড়িয়ে ধরলেন অপর প্রান্তের সঙ্গী ক্রেইগ আরভিনকে। তবে টেলরের এই উদ্যাপন শুধুই সেঞ্চুরির আনন্দে নয়, তাতে মিশে ছিল ইতিহাসের অংশ হওয়ার তৃপ্তিও।
সেঞ্চুরি করেই থামেননি। এক বল পরই শামিকে মিড অফ দিয়ে আবারও উড়িয়ে দিলেন সীমানার বাইরে। ছক্কা দিয়ে ৯৯ বলে ১০১-এ পৌঁছানোর পর টেলর তাঁর শেষ ৩৭ রান করেছেন মাত্র ১০ বলে। রবীন্দ্র জাদেজার করা ইনিংসের ৪১তম ওভারে তো অকল্যান্ডের ইডেন পার্কে রীতিমতো ঝড় তুললেন! ওই ওভারে আসা ২৫ রানের ২৪-ই তাঁর। ছক্কা দুটি, বাউন্ডারি তিনটি। ভারতের কাছে জিম্বাবুয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরে গেলেও টেলরের মারকাটারি ইনিংসটা ইতিহাসে ঠাঁই পেয়ে গেছে অনেকভাবেই।
বিশ্বকাপে জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানের প্রথম টানা সেঞ্চুরির ঘটনা এটি। আন্তর্জাতিক ওয়ানডেতে টেলরের অষ্টম সেঞ্চুরি, জিম্বাবুয়ের পক্ষে ওয়ানডেতে এতগুলো সেঞ্চুরি আর কারও নেই। আর মাইলফলক ছোঁয়া সেঞ্চুরিটা তিনি করলেন জিম্বাবুয়ের হয়ে খেলা নিজের ‘শেষ’ ম্যাচে। না, অবসর নিয়ে ফেলেননি টেলর। তবে কলপাক নিয়মে ইংলিশ কাউন্টির দল নটিংহ্যামশায়ারে খেলবেন বলে আগামী তিন বছর জাতীয় দলে খেলতে পারবেন না। জিম্বাবুয়ের হয়ে ভারতের বিপক্ষে কালকের ম্যাচটাকেই তাই মনে করা হচ্ছে টেলরের শেষ ম্যাচ।
কিন্তু বিদায়ী ম্যাচটিতে এত যে দিলেন দলকে, নিজে কী পেলেন টেলর? সতীর্থরা চেষ্টা করলে পারত ভারতের বিপক্ষে একটা সান্ত্বনার জয়ে তাঁর বিদায়টাকে আরও রাঙিয়ে দিতে। ৩৩ রানে ৩ উইকেট পড়ার পর চতুর্থ উইকেটে উইলিয়ামসের সঙ্গে ৯৩ ও ক্রেইগ আরভিনের সঙ্গে ১০৯ রানে দুটি জুটির সঙ্গী তিনি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইলিয়ামসের ৫০, তার মানে জিম্বাবুয়ের ২৮৭ রানে টেলরের অবদানই সবচেয়ে বেশি। অথচ ৯৯ বলে সেঞ্চুরি আর ১১০ বলে ১৩৮ রানের ও রকম একটা ইনিংসের পরও জিম্বাবুয়ের স্কোর তিন শ পেরোল না! ৪২তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে টেলর যখন ড্রেসিংরুমে ফেরেন, দলের রান ২৩৫। সেখান থেকে জিম্বাবুয়ে কি না অলআউট ২৮৭ রানে, তাও ইনিংসের ৭ বল বাকি থাকতে! টেলরের আউটের পর যেন প্রলয় ঘটে যায় জিম্বাবুয়ের ইনিংসে। মাত্র ৫২ রানেই নেই শেষ ৫ উইকেট।
লক্ষ্য ২৮৮—জিততে হলে রেকর্ড গড়তে হতো ভারতকে। বিশ্বকাপে রান তাড়া করতে নেমে গড়তে হবে নিজেদের সবচেয়ে বড় ইনিংস। সুরেশ রায়নার প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি (১১০*) এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অপরাজিত ৮৫ চ্যাম্পিয়নদের সেই ‘রেকর্ড জয়’ই এনে দিল। গ্রুপ পর্বের ছয়টি ম্যাচই তারা শেষ করল জয় দিয়ে। যদিও ৯২ রানে ৪ উইকেট হারানো ভারতকে একপর্যায়ে হারের শঙ্কাই পেয়ে বসেছিল। মনে হচ্ছিল ব্রেন্ডন টেলর বুঝি দারুণ এক বিদায়ী উপহারই পেতে চলেছেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের মান রাখল রায়না-ধোনির অবিচ্ছিন্ন ১৯৬ রানের পঞ্চম উইকেট জুটি। ৮ বল বাকি থাকতেই ধোনির ছক্কায় জয় নিশ্চিত হয়ে যায় ভারতের।
ব্যক্তিগত ৪৭ রানে সুরেশ রায়না নতুন জীবন না পেলে অবশ্য ম্যাচের শেষ দৃশ্য অন্য রকমও হতে পারত। তখন বাংলাদেশ দলের বিশেষ অভিনন্দন পেতে পারতেন সেঞ্চুরিয়ান টেলর। জিম্বাবুয়ের কাছে হারলে ১৯ মার্চের কোয়ার্টার ফাইনালে ভারতের আত্মবিশ্বাসে একটু চোট তো লাগতই। ক্রিকইনফো, এএফপি।