টেলরকে ‘গার্ড অব অনার’ মুমিনুলদের
জীবনের শেষ টেস্টটি খেলতে নেমেছেন রস টেলর। ক্রাইস্টচার্চের হেগলি ওভাল তাই এই কিউই গ্রেটের বিদায়ের মঞ্চ হয়েই সেজেছে। দেশের হয়ে ১১২টি টেস্ট খেলেছেন। দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানও তাঁর। এমন একজন ক্রিকেটার যখন বিদায় নিতে যাচ্ছেন, সেই মুহূর্তটি আবেগ ছড়াবে, এটাই তো স্বাভাবিক।
আজ হেগলি ওভালে হয়তো জীবনের শেষ টেস্ট ইনিংসটি খেলতেই নামলেন টেলর। ঠিক সেই মুহূর্তে ক্রাইস্টচার্চের গোটা মাঠ দাঁড়িয়ে তাঁকে সম্মান দিল। সেই সঙ্গে দুই সারিতে দাঁড়িয়ে বাংলাদেশি ক্রিকেটাররাও বিদায়ী কিংবদন্তিকে সম্মানিত করলেন। খেলায় জয়–পরাজয়, উইকেট দেওয়া–নেওয়া ছাপিয়ে হেগলি ওভালে দুই দলই মিলে গেল একই বিন্দুতে।
নিউজিল্যান্ডের হয়ে টেস্টে টেলর করেছেন ৭,৬৮৩ রান। এটি দেশটির টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান। দ্বিতীয় স্থানে থাকা কেন উইলিয়ামসনের রান ৭,২৭২; হয়তো আর কিছু দিনের মধ্যেই টেলরকে ছাপিয়ে যাবেন তিনি। কিন্তু দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা হিসেবে এই টেলরের নাম থেকে যাবে চিরদিনের জন্য।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি যে টেস্টে তাঁর শেষ সিরিজ, এটি আগেই জানিয়েছিলেন তিনি। মাউন্ট মঙ্গানুই টেস্টে দলের ত্রাতা হতে পারেননি, দল হেরে গিয়েছিল। কিন্তু এবার ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে যেন কিংবদন্তি সতীর্থকে মাথা উঁচু করে বিদায় দেওয়ার সব ব্যবস্থাই করে রেখেছেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। টসে হেরে ব্যাটিং করেও হেগলি ওভালের সবুজ উইকেটে ৫২১ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। জবাবে বাংলাদেশকে গুটিয়ে দেওয়া গেছে ১২৬ রানেই। ৩৯৫ রানে এগিয়ে থেকে নিশ্চিত করেই বড় জয়ের পথে আছে তারা। টেলরের মতো ক্রিকেটারকে বিদায় দেওয়ার জন্য এত সুন্দর ব্যবস্থা আর হতে পারে না।
টেলর জীবনের শেষ টেস্ট ইনিংসটি খেলে ফেলেছেন কিনা, সেটি অবশ্য এখনই বলা যাচ্ছে না। কাল টেস্টের তৃতীয় দিন যদি নিউজিল্যান্ড বাংলাদেশকে ফলোঅন করায়, তাহলে হয়তো এরই মধ্যে শেষ টেস্ট ইনিংসটি খেলে ফেলেছেন তিনি। অধিনায়ক টম ল্যাথাম এখন চাইতেই পারেন, টেলর টেস্টে নিজের শেষটা করবেন দারুণ একটা ইনিংস দিয়ে। তিনি তা চান কিনা, সেটি অবশ্য জানা যাবে কালই।