টেলরকেও হারাল জিম্বাবুয়ে

গত অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরেও গুঞ্জনটা শোনা যাচ্ছিল। তবে তখনো পরিণতি পায়নি বলে চেপে রাখা হয়েছিল খবরটি। ব্রেন্ডন টেলরকে জিজ্ঞেস করা হলে যেন আকাশ থেকে পড়লেন! কিন্তু যা রটে, তার কিছুটা তো বটেই। টেলরের ক্ষেত্রে পুরোটাই সত্যি। সেদিনের গুঞ্জন আজ বাস্তবতা। জিম্বাবুয়ে ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন টেলর। ইংলিশ কাউন্টি নটিংহ্যামশায়ারের সঙ্গে তিন বছরের কলপ্যাক চুক্তি করেছেন জিম্বাবুয়ের টেস্ট অধিনায়ক। আগামীকাল অকল্যান্ডে ভারতের বিপক্ষে ম্যাচটিই আপাতত জিম্বাবুয়ের হয়ে টেলরের শেষ ম্যাচ।
‘আপাতত’ বলতে হচ্ছে, কারণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে কাউন্টিতে যাচ্ছেন না টেলর। তিন বছরের কলপ্যাক চুক্তি শেষে জিম্বাবুয়ের হয়ে আবার খেলতেও পারেন ২৯ বছর বয়সী ব্যাটসম্যান। ইংলিশ কাউন্টিতে প্রতি দলে একজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারেন। কিন্তু কেউ কলপ্যাক চুক্তির আওতায় খেললে তাঁকে বিদেশি বলে বিবেচনা করা হবে না। কলপ্যাকের শর্ত হলো, অন্তত ১২ মাস নিজ দেশের হয়ে খেলা যাবে না। টেলরের চুক্তি তিন বছরের, অন্তত আগামী তিন বছর তাই দলের সেরা ব্যাটসম্যানকে পাচ্ছে না জিম্বাবুয়ে। এমনিতেই ধুঁকতে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটের জন্য এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ধাক্কা।
২০০৪ সালে অভিষিক্ত টেলর কয়েক বছর ধরেই জিম্বাবুয়ে ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ১৬৬ ওয়ানডেতে রান করেছেন ৫১২০, ২৩ টেস্টে রান ১৪৯৩। নেতৃত্ব দিয়েছেন ১৩ টেস্ট ও ৩৩ ওয়ানডেতে। জন্মভূমি ছেড়ে যেতে বিষণ্ন টেলর, তবে বললেন বাধ্য হয়েছেন বাস্তবতা ভেবেই, ‘জিম্বাবুয়ের ক্রিকেট ছেড়ে যেতে আমার প্রচণ্ড, প্রচণ্ড কষ্ট হচ্ছে। অসাধারণ সব স্মৃতি জড়িয়ে, এখানে কত কত বন্ধু! কিন্তু জীবন থমকে থাকে না। নিজের জীবন ও পরিবারের কথা ভেবে সময়মতো সঠিক সিদ্ধান্তটিই নিতে হয়। এগিয়ে যেতে হয়।’
চোটের কারণে আসছে মৌসুমে অনেকটা সময় মাইকেল লাম্ব ও জেক লিবিকে পাচ্ছে না নটিংহ্যামশায়ার। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন বলে পাবে না অ্যালেক্স হেলস ও জেমস টেলরকেও। ব্রেন্ডন টেলরকে পেয়ে তাই রোমাঞ্চিত কোচ মিক নিওয়েল, ‘ব্রেন্ডন পরীক্ষিত একজন ব্যাটসম্যান, আমাদের দলে দারুণ এক সংযোজন। ওকে পেয়ে আমাদের ব্যাটিং আরও শক্তিশালী হলো।’
কলপ্যাক চুক্তিতে একসময় জিম্বাবুয়ে হারিয়েছিল গ্রান্ট ফ্লাওয়ার ও মারে গুডউইনকে। ক্রেইগ আরভিন ও গ্রেগ ল্যাম্ব মাঝে কিছুদিন ইংল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলে ফিরেছেন আবার। দলের সেরা পেসার কাইল জারভিস দেড় বছর আগে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডে। এবার টেলর। ব্যবস্থাপনা পরিচালক অ্যালিস্টার ক্যাম্পবেলের নেতৃত্বে পুনর্গঠন শুরু হতে না হতেই আবার এলোমেলো জিম্বাবুয়ে ক্রিকেট। এএফপি, ক্রিকইনফো।