টেলরদের বাস্তব উপলব্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্টে পরশু আয়ারল্যান্ডের কাছে পরাজয় জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশনে দাঁড়িই টেনে দিল। পাঁচ ম্যাচের চারটিতে হারের হতাশা, এবারের বিশ্বকাপে প্রথম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত জিম্বাবুয়ের। সাদামাটা এ পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বেদনায় ভারাক্রান্ত করেছে। সেটি আরও বেড়ে যাচ্ছে যখন দেখছেন, সহযোগী সদস্য আয়ারল্যান্ড এখনো টিকে আছে শেষ আটের লড়াইয়ে!
শুধু এ হতাশাই নয়, কয়েক বছর ধরেই ক্রিকেটের সর্বোচ্চ পর্যায়ে জিম্বাবুয়ের টিকে থাকার যে সংগ্রাম চলছে, সেটি আবারও বোঝা গেল। এই বিশ্বকাপে হেরে যাওয়া চারটি ম্যাচেরই একটা সময় পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের হাতে। ৮৩ রানে ৪ উইকেট ফেলে দিয়েছিল তারা দক্ষিণ আফ্রিকার, ওয়েস্ট ইন্ডিজের ৩৭৩ তাড়া করতে নেমে ৩৪তম ওভারেই ৫ উইকেটে ২২৬ করেছিল। আর পাকিস্তানকে আটকে রেখেছিল ২৩৫ রানে।
কিন্তু প্রতিটি ম্যাচই মুঠো আলগা হয়ে শেষ পর্যন্ত বেরিয়ে গেছে। এতে নিজেদেরই দায় দেখছেন টেলর, ‘কোনো সন্দেহ নেই আমরা খুবই হতাশ। আমরা বিশ্বকাপে এসেছিলাম তিনটি ম্যাচ জয়ের স্বপ্ন নিয়ে। সেই পরিস্থিতি তৈরি করেছিলাম দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের বিপক্ষে। যদি ব্যাট হাতে আরেকটু সচেতন হতে পারতাম, ক্যাচগুলো ঠিকঠাক ধরা যেত, তাহলে স্বপ্নটা পূরণ হতোই। ৮০ ভাগ সময়ই আমরা ভালো ক্রিকেট খেলেছি, বাকি ২০ ভাগের ভুলেই আমাদের বিদায় নিতে হচ্ছে।’
দল খারাপ খেললেও নিজের জাতটা ঠিকই চিনিয়েছেন টেলর। এই বিশ্বকাপে এ পর্যন্ত জিম্বাবুয়ের একমাত্র সেঞ্চুরি এবং ৫ ম্যাচ মিলিয়ে দলের সর্বোচ্চ রান (২৯৫) তাঁরই। ব্যক্তিগত এ সাফল্য অবশ্য দলের ব্যর্থতায় ম্লান। ভারতের বিপক্ষে শেষ ম্যাচটা জিতে সেই ক্ষতে কিছুটা প্রলেপ দিতে চান টেলর, ‘চেষ্টা করব যেন অন্তত গর্ব করার মতো কিছু নিয়ে ফিরতে পারি। আমরা শেষটা খুব ভালো করতে চাই।’ রয়টার্স।