টেলরের দিনে নায়ক সোহেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর প্রতিপক্ষ অলরাউন্ডার শহীদ আফ্রিদির অভিনন্দন পেলেন রস টেলর l এএফপি
সেঞ্চুরির পর প্রতিপক্ষ অলরাউন্ডার শহীদ আফ্রিদির অভিনন্দন পেলেন রস টেলর l এএফপি

লক্ষ্য ২৪৭। ৩১তম ওভারে ১২৪ রান তুলতেই ৬ উইকেট নেই পাকিস্তানের। কিন্তু কাল দুবাইয়ের প্রথম ওয়ানডেটা নিউজিল্যান্ড নয়, ৩ উইকেটে জিতল পাকিস্তানই। সপ্তম উইকেটে ওভারপ্রতি ৬.২৮ গড়ে ১১০ রান তুলে হারিস সোহেল ও শহীদ আফ্রিদিই খাদের কিনার থেকে পাকিস্তানকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। আফ্রিদি অবশ্য শেষ পর্যন্ত যেতে পারেননি, জয় থেকে ১৩ রান দূরে থাকতেই আউট হয়ে গেছেন ৬১ রান (৫১ বলে) করে। তবে মাত্র পঞ্চম ওয়ানডে খেলতে নামা সোহেল শেষ ওভারের তৃতীয় বলে চার মেরে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি করে ২৫ বছর বয়সী এই বাঁহাতি অপরাজিত ছিলেন ৮৫ রানে (১০৯ বল)।
এর আগে ওয়ানডে ইতিহাসের ঝলমলে এক পাতায় নিজের নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের রস টেলর। টানা তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি করে কিউই ব্যাটসম্যান পাশে বসেছেন জহির আব্বাস, সাঈদ আনোয়ার, হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি ককের। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে হ্যামিল্টন ও ওয়েলিংটনের পর কাল টেলর সেঞ্চুরি পেলেন দুবাইয়েও। তাঁর অপরাজিত ১০৫ রানেই ২৪৬ রানের লড়ার মতো রান পেয়েছিল নিউজিল্যান্ড। ১১১ রানেই পড়ে গিয়েছিল নিউজিল্যান্ডের ৫ উইকেট। তবে এক প্রান্ত আগলে ছিলেন টেলর। টেন ক্রিকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৪৬/৭ (টেলর ১০৫*, ভেট্টোরি ২৭, ডেভচিচ ২৬, রনকি ২৩; ইরফান ৩/৫৭, রিয়াজ ২/৫১, আফ্রিদি ১/৩৬)। পাকিস্তান: ৪৯.৩ ওভারে ২৫০/৭ (সোহেল ৮৫*, আফ্রিদি ৬১, শেহজাদ ২৮, সরফরাজ ২৬; ভেট্টোরি ২/৪০, নিশাম ২/৬২, নাথান ম্যাককালাম ১/৩৫, মিলস ১/৫৪)।
ফল: পাকিস্তান ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: হারিস সোহেল।