টেলরের দেড় শর আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ ইনিংসে যখন ফিল্ডিংয়ে নামল জিম্বাবুয়ে, হারানোর ছিল সামান্যই। সর্বনাশ যা হওয়ার ব্যাটিংয়েই হয়ে গেছে। তবে সেখান থেকেও পাচ্ছিল অভাবনীয় এক জয়ের সুবাস। শেষ পর্যন্ত যদিও সেই সুবাস মিলিয়ে গেছে বাতাসে। দিন শেষে অধিনায়ক ব্রেন্ডন টেলরের কণ্ঠে আর কিছু রান করতে না পারার আক্ষেপ। ১৫০ রানের লক্ষ্য যদিও দেওয়া যেত!
ব্যাটিং ব্যর্থতার হতাশা তো ছিলই। বোলারদের অসাধারণ পারফরম্যান্স হৃদয়ে কাঁটা হয়ে বিঁধছে আরও, ‘১৫০ হলে ম্যাচটি আরও ইন্টারেস্টিং হতো। ব্যাটিংয়ে আমরা বিন্দুমাত্র লড়াই দেখাতে পারিনি। নিজের উইকেটের মূল্য না বুঝলে, স্কোরকার্ডে উল্লেখযোগ্য রান জোগাড় করতে না পারলে খুব বেশি ম্যাচ জিততে পারব না আমরা। বোলাররা যা করেছে, এর চেয়ে বেশি কিছু আর চাইতে পারতাম না। এত বাজে ব্যাটিং করেছি আমরা, দিন শেষে জয়টা আমাদের প্রাপ্য ছিল না।’
গত মৌসুমেই ঢাকা প্রিমিয়ার লিগে খেলে গেছেন টেলর। খেলেছেন বিপিএলে, চিটাগাং কিংসকে নেতৃত্বও দিয়েছেন। জাতীয় দলের হয়ে তো বেশ কবার বাংলাদেশে এসেছেনই। বাংলাদেশ বিশেষজ্ঞ হয়ে ওঠা এই টেলরকেও চমকে দিয়েছে মিরপুরের এই উইকেট, ‘এত গতিময় আর বাউন্সি উইকেট বাংলাদেশে আগে কখনো দেখিনি। টার্ন হবে জানতাম, কিন্তু এতটা ভাবিনি।’
তবে হারের জন্য উইকেটকে কিন্তু একটুও দায় দিচ্ছেন না জিম্বাবুয়ে অধিনায়ক। বরং ঠিকই বাস্তবতার মুখোমখি দাঁড় করিয়েছেন দলকে, ‘টার্ন-বাউন্স ছিল, তবে বল ব্যাটে এসেছে বলে টপ অর্ডার ব্যাটসম্যানদেরও বেশ উপভোগ করার কথা। আমি বলব ভালো ক্রিকেট উইকেট ছিল। গতি-টার্ন-বাউন্স মিলে উইকেট ছিল বিনোদনদায়ী ক্রিকেটের উপযোগী। দুদলই বাজে ব্যাটিং করেছে। বাজে ব্যাটিং করেছি বলেই আমরা হেরেছি। ব্যাটসম্যানরা ২০-৩০ করলে টেস্ট ম্যাচ জেতা যায় না। আশা করি, পরের টেস্টে ছেলেরা সাফল্যের জন্য আরও ক্ষুধার্ত থাকবে। ব্যাটিংয়ে নিবেদন আরও বেশি দেখাবে।’
সতীর্থদের কাছে একই চাওয়া থাকবে নিশ্চয়ই বাংলাদেশ অধিনায়কেরও!