টেলরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ম্যাককালামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরের পর কোনো খেলোয়াড়ের আত্মজীবনী বা লেখা কোনো বইয়ে বিতর্কের ছোঁয়া থাকাটা নতুন নয়। তবে লেখক যখন ব্রেন্ডন ম্যাককালাম, কথাগুলো গুরুত্ব পাবেই। তার ওপর নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কথা বলেছেন তাঁর ক্যারিয়ারের অন্যতম বিতর্কিত অধ্যায় নিয়ে। অধিনায়কত্ব নিয়ে রস টেলরের সঙ্গে তাঁর বিতর্কগুলোকেই সামনে এনেছেন গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া সাবেক কিউই ওপেনার।

তা কী বলেছেন ‘বিগ ম্যাক’? নিজের নতুন বই ডিক্লেয়ার্ড-এ সমালোচনা করেছেন টেলরের অধিনায়কত্বের। দলের নেতা হয়েও কোচ-খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখার কাজটি নাকি খুব একটা ভালোভাবে করতেন না টেলর!

২০১২ সালে শ্রীলঙ্কা সফরের পরই রস টেলরকে সরিয়ে ম্যাককালামকে নিউজিল্যান্ড দলের অধিনায়ক করা হয়। একসময়ের রসকষহীন ক্রিকেট খেলা নিউজিল্যান্ড অবশ্য বদলে গেছে ম্যাককালামের ছোঁয়াতেই। তবে এর মধ্যেও অধিনায়কত্বের বিতর্ক নিয়ে টেলর-ম্যাককালামের সম্পর্কের অবনতি হয়েছে অনেকটাই, যা এখনো ঠিক উষ্ণ হয়নি। যদিও ম্যাককালাম বইতে দাবি করেছেন, টেলরকে অধিনায়কত্ব থেকে সরাতে তাঁর কোনো হাত ছিল না।

তবে ব্যক্তিগত এসব বিষয় নয়, টেলরের অধিনায়কত্ব নিয়েই কথা বলেছেন সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যান, ‘দলের মিটিংয়ের সময় মাইক (নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন) সবার ধারণাগুলো জেনে নিতেন। এবং সেগুলো রসকে (টেলর) জানাতেন, যেন সে বুঝতে পারে সবাই কী ভাবছে। আমাদের বলতেন কীভাবে চলতে হবে। এভাবে সবকিছুতে নিজের কর্তৃত্বও প্রতিষ্ঠা করতে চেয়েছেন হেসন।’

এখানেই টেলরের অধিনায়কত্বে খামতি দেখছেন ম্যাককালাম, ‘রস যা বলতে পারত, তা হলো, “তোমাদের ধন্যবাদ, ব্যাপারটা ভালো লেগেছে। তোমাদের ভাবনা অনুযায়ী এগোব আমরা। আমরা নির্দিষ্ট কিছু কাজ করব। অধিনায়ক হিসেবে আমি চাই, তোমরা আমাকে সহযোগিতা করো।” কিন্তু রস কিছুই বলত না, একটা শব্দও না। কে জানে ও কী ভাবছিল? আমি জানি না।’ ক্রিকইনফো।