
একদিকে প্রাপ্তির আনন্দ, অন্যদিকে অপ্রাপ্তির আক্ষেপ। ওয়াকায় পুরো বিপরীত অনুভূতির স্বাদ পাওয়া একটা দিনই কাটল রস টেলরের! নিজের ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন, ১১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়ে হয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ইনিংস খেলা সফরকারী ব্যাটসম্যান, ছুঁয়েছেন আরও কত মাইলফলক! কিন্তু শেষ পর্যন্ত এই ইনিংসটাই আবার টেলরের জন্য অন্তহীন আক্ষেপও। ২৯০ রানেই যে আউট হয়ে গেলেন! পরম আরাধ্য ট্রিপল সেঞ্চুরিটা হলো না ১০ রানের জন্য, একটুর জন্য ম্যাককালামের ৩০২ রানের রেকর্ডটা ভেঙে দিয়ে হতে পারলেন না নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ টেস্ট ইনিংসের মালিক!
টেলরের এই প্রাপ্তি-অপ্রাপ্তির মাঝে ওয়াকায় কাল একটা জিনিসই ধ্রুব ছিল—উইকেটে রানবন্যা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে দুটি সেঞ্চুরি হয়েছিল, দুই সেঞ্চুরি নিউজিল্যান্ডের ইনিংসেও। কাল অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার পর আবারও দুটি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার আগের ইনিংসে দুই সেঞ্চুরি ডেভিড ওয়ার্নার ও উসমান খাজার, কাল করলেন স্টিভেন স্মিথ-অ্যাডাম ভোজেস। স্মিথের আগে ওয়াকায় সেঞ্চুরি করা সর্বশেষ অস্ট্রেলিয়ান অধিনায়ক ছিলেন অ্যালান বোর্ডার, সেটিও ১৯৮৬ সালে অ্যাশেজে। সব মিলিয়েই ওয়াকায় সেঞ্চুরি করা চতুর্থ অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ।
জোড়া সেঞ্চুরিতে টেস্টের লাগাম আবারও উঠেছে অস্ট্রেলিয়ার হাতে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৬২৪ রান করে পেয়েছিল ৬৫ রানের লিড, দিন শেষে অস্ট্রেলিয়া সেটি ছাপিয়ে এগিয়ে গেছে ১৯৩ রানে, হাতে এখনো ৮ উইকেট। তবে শেষ দিনে পার্থ টেস্ট নাটকীয় মোড় নিতে পারে কিউই বোলাররা আজ দুর্দান্ত কিছু করতে পারলেই। নইলে দেখতে হবে কখন ইনিংস ঘোষণা করেন স্মিথ!
২৩৫ রানে দিনটা শুরু করেছিলেন রস টেলর, নিউজিল্যান্ড ছিল ৫১০ রানে। যেভাবে খেলছিলেন তাতে ট্রিপল সেঞ্চুরি চাওয়াটা বাড়াবাড়ি ছিল না মোটেও। কিন্তু অন্য প্রান্ত থেকে উইকেট পড়তে থাকায় ট্রিপল সেঞ্চুরিটা তাঁর জন্য হয়ে দাঁড়ায় দূরের বাতিঘর। তবু শেষ উইকেটে ট্রেন্ট বোল্টের সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে চূড়ান্ত চেষ্টাটা করেছেন। কিন্তু সঙ্গীহীন হয়ে পড়ার শঙ্কাতেই শেষ পর্যন্ত নাথান লায়নকে সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন মিড উইকেটে। এর আগেই অবশ্য রেকর্ডের পাতা থেকে ইংল্যান্ডের টিপ ফস্টারকে সরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বোচ্চ ইনিংস খেলা সফরকারী ব্যাটসম্যান হয়ে গেছেন টেলর। ১৯০৩ সালে সিডনিতে অভিষেক টেস্টেই
ফস্টার করেছিলেন ২৮৭! ট্রিপল সেঞ্চুরি না পেলেও দেশের বাইরে কিউইদের পক্ষে সর্বোচ্চ টেস্ট ইনিংসটা হলো তাঁরই। আগের সর্বোচ্চ ছিল শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে স্টিভেন ফ্লেমিংয়ের অপরাজিত ২৭৪।
কিন্তু এসব কি আর ট্রিপল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে প্রলেপ হতে পারে! ক্রিকইনফো!