টেলরের রেকর্ডে হলো না প্রোটিয়া রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড মিলার তাঁর সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন। লং অনে ভেসে আসা ক্যাচটা ঝাঁপিয়ে মুঠোয় পুরেও নিয়েছিলেন, কিন্তু সীমানাদড়ির কাছে শরীরের ভারসাম্য রাখতে গিয়ে ফেলে দিলেন বল। ২ রান পেলেন রস টেলর। ইনিংসের শেষ বলে তাই কোনো ঝুঁকিতে যাননি টেলর। কভার দিয়ে মারা চারেই পেয়ে গেলেন সেঞ্চুরি। রেকর্ড গড়া এই সেঞ্চুরিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা ৬ রানে জিতে নিল নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়া সিরিজে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ওয়ানডে সেঞ্চুরি রেকর্ড ছুঁয়েছেন টেলর। ১৭তম সেঞ্চুরিতে নাথান অ্যাস্টলকে পেছনেও ফেলে দিয়েছেন কাল। সেঞ্চুরির আগে ফিফটি ছুঁতেও একটা চার মেরেছিলেন টেলর। পয়েন্ট দিয়ে মারা এই চারেও গড়েছেন আরেকটি রেকর্ড, দেশের পক্ষে দ্রুততম ৬ হাজার রান এখন টেলরের। এ রেকর্ডটাও কেড়ে নিয়েছেন অ্যাস্টলের কাছ থেকে। ক্রিকইনফো।
কাল অবশ্য সবাই অপেক্ষায় ছিল দক্ষিণ আফ্রিকান রেকর্ডের। প্রোটিয়াদের টানা জয়ের রেকর্ডটা ১৩তম করে ফেলাটা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। টেলরের সেঞ্চুরি আর কেন উইলিয়ামসন ও জিমি নিশামের দুই ফিফটিতে নিউজিল্যান্ডের ২৮৯ রানের সেই ভাবনায় ছেদ পড়েনি। কুইন্টন ডি ককের আরেকটা দুর্দান্ত ফিফটি সেদিকেই নিয়ে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকাকে। কিন্তু ওটা মস্তা ধাক্কা খায় মিডল অর্ডারের ধসে, ২১৪ রানেই নেই ৮ উইকেট। তবে নবম উইকেটে ডোয়াইন প্রিটোরিয়াস ও আন্দিলে ফিকোয়াওর ৪৪ বলে ৬১ রানের জুটিটা আবার প্রোটিয়াদের আশা ফিরিয়ে আনে। ২ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২০ রান, অসম্ভব কিছু নয়। ট্রেন্ট বোল্টের ৪৯তম ওভারে আসে ৫ রান, শেষ বলে আউট প্রিটোরিয়াস। শেষ ওভারে ফিকোয়াও তুলতে পারেন মাত্র ৮ রান, সিরিজে সমতা ফেরায় নিউজিল্যান্ড।