টেলিকনফারেন্সে জিম্বাবুয়ে সিরিজের দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটি কাটাতে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আছেন অস্ট্রেলিয়ায়। ব্যক্তিগত সফরে প্রধান নির্বাচক ফারুক আহমেদ ইউরোপে। ‘এ’ দলের ম্যানেজার হয়ে দক্ষিণ আফ্রিকা গেছেন হাবিবুল বাশার। দেশে আছেন শুধু মিনহাজুল আবেদীন।
চারজন বিশ্বের চার মহাদেশে থাকলেও আজ এই চতুষ্টয়ের দেখা হওয়ার কথা টেলিকনফারেন্সে। উদ্দেশ্য, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের দল ঠিক করা। কোচের সঙ্গে তিন নির্বাচকের আলোচনার পর কাল-পরশুর মধ্যে ১৪ সদস্যের দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার কথা। গতকাল মুঠোফোনে মিনহাজুল আবেদীন সেরকমই আভাস দিলেন, ‘কোচের সঙ্গে আমরা কাল (আজ) টেলিকনফারেন্স করব। তখনই দল ঠিক হয়ে যাবে আশা করি।’
ওয়ানডেতে সাফল্যের ভেলায় ভাসতে থাকা বাংলাদেশ দলে অবশ্য খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ডেঙ্গু থেকে ফেরা মাশরাফি বিন মুর্তজাকে নিয়ে সামান্য হলেও দুশ্চিন্তা আছে, যদিও মাশরাফি নিজেই সেটাকে উড়িয়ে দিচ্ছেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক আশাবাদী, জিম্বাবুয়ে সিরিজের আগেই সব ঠিক হয়ে যাবে। কদিন আগেই ভাগ্যকে শাপশাপান্ত করা মাশরাফির কণ্ঠ কাল অনেক উজ্জীবিত শোনাল, ‘দুর্বলতা এখনো একটু আছে, তবে আমার মনে হয় না এই অবস্থা বেশি দিন থাকবে। কাল (আজ) থেকে জিম-রানিং শুরু করার কথা। আশা করি, দু-চার দিন করলেই সব ঠিক হয়ে যাবে।’ তবে কিছুটা সংশয় আছে চোটাক্রান্ত রুবেল হোসেনকে নিয়ে।
সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে যাওয়া সাকিব আল হাসানের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ৭ নভেম্বর অনুষ্ঠেয় প্রথম ওয়ানডের আগে। সাকিবের দেশে ফেরার তারিখ নিশ্চিত করে বলতে না পারলেও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী নিশ্চিত করেছেন, ওয়ানডে সিরিজের শুরু থেকেই সাকিবকে পাওয়া যাবে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা সফরে ‘এ’ দলের সঙ্গে থাকা সাব্বির রহমান, সৌম্য সরকার, জুবায়ের হোসেন, লিটন দাস, আল-আমিন ও কামরুল ইসলাম রাব্বী দেশে ফিরবেন ১ নভেম্বর। যার অর্থ আসন্ন সিরিজে ওয়ানডে দলে নতুন মুখ হয়ে আসতে পারেন পেসার রাব্বী। তাঁদের পরিবর্তে জিম্বাবুয়েতে ‘এ’ দলের সঙ্গে যোগ হবেন তাসামুল হক, নুরুল হাসান, নাঈম ইসলাম, দেওয়ান সাব্বির ও মুক্তার আলী। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ‘এ’ দল জিম্বাবুয়ে যাবে আগামী ৩০ নভেম্বর।
হাথুরুসিংহের মতো ছুটিতে থাকা অন্য কোচিং স্টাফদেরও ঢাকায় ফেরার কথা কাল-পরশুর মধ্যে। জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন শুরু হবে ২৯ অক্টোবর। তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে আগামী ২ নভেম্বর।