টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে লিটন কুমার দাসের। ফতুল্লায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশ এখনো চূড়ান্ত নয়, তবে লিটনের অভিষেক হওয়াটা নিশ্চিতই হয়ে গেছে। আঙুলের চোট এখনো ভোগাচ্ছে বলে এই টেস্টে মুশফিকুর রহিম উইকেটকিপিং করছেন না। পাকিস্তানের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থেকেও খেলার সুযোগ না পাওয়া উইকেটকিপার-ব্যাটসম্যান লিটনের সামনে টেস্ট ক্রিকেটের দরজা খুলে যাচ্ছে সে কারণেই।
ফতুল্লায় কালও উইকেটকিপিং অনুশীলন করেননি মুশফিক। হয়তো নতুন ভূমিকার প্রস্তুতি নিতেই গ্রাউন্ড ফিল্ডিং অনুশীলন করেছেন। দল সূত্রের তথ্য, মুশফিকের আঙুলের চোট কাটানোর কাজটা যেভাবে ধাপে ধাপে এগোচ্ছে, তাতে ব্যাটিংয়ে সমস্যা না হলেও এখনো তিনি উইকেটকিপিং করার পর্যায়ে আসেননি। তবে আশা করা হচ্ছে, ওয়ানডে সিরিজের আগেই সমস্যাটা দূর হয়ে যাবে। সে ক্ষেত্রে ভারতের বিপক্ষে ওয়ানডেতে তাঁকে উইকেটের পেছনে দেখা যেতেও পারে।
ফতুল্লা টেস্টে মুশফিকের উইকেটকিপিং না করা মানে দীর্ঘ ৪৩ টেস্ট পর বাংলাদেশের নতুন কোনো উইকেটকিপার নিয়ে খেলতে নামা। ২০০৫ সালে লর্ডসে মুশফিকের অভিষেক হয়েছিল বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা দ্বিতীয় টেস্টেও তা-ই। ৪৫ টেস্টের ক্যারিয়ারে শুধু এই দুটি টেস্টেই উইকেটকিপিং করেননি মুশফিক। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে মুশফিকের টেস্ট অভিষেক ২০০৭ সালে শ্রীলঙ্কায়। এরপর বাংলাদেশের টানা ৪৩টি টেস্টে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন তিনি।