টেস্ট অভিষেকে চোটে ইয়াসিরের সঙ্গী যাঁরা

ইয়াসিরের বদলি নামাতে হয়েছে আজছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্ভাগ্যই ইয়াসির আলীর। এত দিন ধরে অপেক্ষায় ছিলেন আন্তর্জাতিক অভিষেকের। মাহেন্দ্রক্ষণটা কিছুতেই আসছিল না। অপেক্ষা শেষে নিজ শহর চট্টগ্রামে সাদা পোশাকেই অভিষেক হলো তাঁর। কিন্তু সেটি বেশিক্ষণ স্থায়ী হলো না। পাকিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ভালো খেলতে খেলতেই দুর্ভাগ্যজনক চোট তাঁকে ঠেলে দিয়েছে মাঠের বাইরে।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক টেস্টেই চোটে পড়ার বেশ কয়েকটি ঘটনাই আছে। ইয়াসির সে তালিকাই একটু বড় করলেন আরকি! অভিষেকে চোটে পড়া ক্রিকেটারদের তালিকায় ইয়াসিরের সঙ্গী কারা, একনজরে দেখে নেওয়া যাক—

হেলমেটে বল লেগেছিল ইয়াসিরের
ছবি: প্রথম আলো

ক্রেইগ ওভারটন (ইংল্যান্ড)

২০১৭–১৮ অ্যাশেজ সিরিজে অভিষেক হয় ইংল্যান্ডে পেসার ক্রেইগ এভারটনের। ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতার এই পেসার প্রথম থেকেই দারুণ বোলিং করছিলেন। গতি আর সুইংয়ের সমন্বয়ে তুলে নিয়েছিলেন স্টিভ স্মিথের উইকেট। কিন্তু ভাগ্য তাঁকে সহায়তা করেনি। ব্যাটিংয়ে নেমে প্যাট কামিন্সের বাউন্সার লাগে তাঁর পাঁজরে। মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাঁকে। তবে সুস্থ হয়ে তিনি সিরিজের বাকি টেস্টগুলোতে খেলেছিলেন।

বয়েড র‍্যানকিন (আয়ারল্যান্ড/ইংল্যান্ড)

র‍্যানকিন আয়ারল্যান্ডের হয়েই খেলা শুরু করেছিলেন। তবে টেস্ট খেলতে ইংল্যান্ডে চলে যান। আয়ারল্যান্ড তখনো টেস্ট পরিবারের সদস্য হয়নি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে তাঁর টেস্ট অভিষেক হয়। এই পেসারের অভিষেকটা ভুলে যাওয়ার মতোই। অনেক স্বপ্নের টেস্ট খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি বোলিং করতে পেরেছিলেন মাত্র ৮.২ ওভার।

অভিষেকেই বদলি উঠে যেতে হলো ইয়াসিরকে
ছবি: প্রথম আলো

শার্দূল ঠাকুর (ভারত)

২০১৮ সালে টেস্ট অভিষেক হয় শার্দূল ঠাকুরের, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মোহাম্মদ শামিকে বিশ্রাম দেওয়ায় টেস্টের দুয়ার খুলে গিয়েছিল ঠাকুরের জন্য। কিন্তু অভিষেক টেস্টেই কুঁচকির চোটে পড়েন তিনি। বোলিং করতে পেরেছেন মাত্র ১০টি বল। সে টেস্টে আর মাঠেই নামতে পারেননি ঠাকুর।

শিখর ধাওয়ান (ভারত)

শিখর ধাওয়ানের টেস্ট অভিষেকটা অবশ্যস্মরণীয়ই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৩ সালে অভিষেকেই তিনি ১৮৭ রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন মোহালিতে। সেই ইনিংসটিতে একটা রেকর্ডও করেছিলেন ধাওয়ান। অভিষেকে দ্রুততম শতক। কিন্তু ধাওয়ান ইনিংসটাকে আরও বড় করতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে।

বাউন্সার ডাক করার চেষ্টা করেছিলেন ইয়াসির।
ছবি: প্রথম আলো

ইমাম–উল–হক (পাকিস্তান)

আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালে নিজের টেস্ট অভিষেকেই চোট পান পাকিস্তানের ইমাম–উল–হক। সেটি ছিল আয়ারল্যান্ডেরও অভিষেক টেস্ট। ইমাম চোট পান ম্যাচের প্রথম বলেই। নন–স্ট্রাইকিং প্রান্তে দাঁড়িয়ে ইমামের চোটটা ছিল চরম দুর্ভাগ্যজনক। আজহার আলীর ডাকে একটি রান নিতে দৌড় শুরু করেছিলেন ইমাম। কিন্তু দৌড়ের একপর্যায়ে আয়ারল্যান্ড দলের নেইল ও’ব্রায়ান ও টাইরন কেনের মাঝে পড়ে যান তিনি। তাঁদের সঙ্গে ধাক্কা খান। ভালোই চোট পান তাতে। পরে অবশ্য চিকিৎসা শেষে মাঠে ফিরতে পেরেছিলেন।

জেরেমি সোলোজানো (ওয়েস্ট ইন্ডিজ)

টেস্ট অভিষেকে ভয়াবহ চোট পাওয়াদের তালিকায় ইয়াসিরের ঠিক আগের নামটা জেরেমি সোলোজানোর। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান কদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন। শর্ট ফাইন লেগে ফিল্ডিং করছিলেন তিনি। শ্রীলঙ্কান ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের সজোরে মারা বলটি আঘাত করে তাঁর মাথায়। হাসপাতালে নিতে হয়েছে তাঁকে। সেখানে স্ক্যান–ট্যান করার পর সুখবরই মেলে। আঘাতটা জোরে হলেও বড় কিছু ঘটেনি সোলোজানোর।