টেস্ট-আবহে মুশফিকরা

ওয়ানডে সিরিজের পর মাত্র এক দিনের বিশ্রাম। কাল থেকে বাংলাদেশ দল আবারও নেমে পড়েছে মাঠে। শুরু করেছে নিজেদের প্রস্তুতি। এবার টেস্ট অভিযান।
বছরের প্রথম ও শেষ টেস্ট সিরিজটা মুশফিকুর রহিমরা খেলতে নামছেন প্রায় শেষের দিকে এসে। গত বছর জুলাই-আগস্টে সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশ। প্রায় ১৪ মাস বিরতিতে আবারও ক্রিকেটের সর্বোচ্চ সংস্করণে ফিরছে তারা। অথচ এই সময় প্রতিপক্ষ ইংল্যান্ড খেলে ফেলেছে ১৬ টেস্ট। মাঝের সময়টায় বাংলাদেশ অবশ্য ব্যস্ত ছিল টি-টোয়েন্টি আর ওয়ানডে নিয়ে। মুশফিকদের সামনে এখন বড় চ্যালেঞ্জ টেস্টে নিজেদের মানিয়ে নেওয়া।
কাল টেস্টের আবহটা বেশ টের পাওয়া গেল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সাদা প্যাড ও লাল বলে ব্যাটিং অনুশীলন করেছেন মুশফিক-সাকিবরা। বাংলাদেশ দল যে টেস্ট খেলতে নামছে সেটি যেন আরও স্পষ্ট হয় মুমিনুল হকের অনুশীলন দেখে! ২৫ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান এখন যেন বাংলাদেশ দলের টেস্ট-প্রতীক! সহকারী কোচ রিচার্ড হ্যালসলের সঙ্গে মাঝ উইকেটে হেলমেট পরে শর্ট লেগে কিছুক্ষণ ফিল্ডিং করলেন মুমিনুল। অবশ্য তার আগে সকালে আধা ঘণ্টা ব্যাটিংও করেছেন।
মুমিনুল জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ছিলেন গত জুলাই থেকেই। তবে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর পর থেকেই তিনি দল থেকে ‘বিচ্ছিন্ন’। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলে অনেক দিন ধরেই ব্রাত্য হওয়ায় প্রায় দেড় বছরের বিরতি দিয়ে মুমিনুলও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে। মাঝে অবশ্য খেলেছেন জাতীয় লিগে। সেখানে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন পিঠে। কাল অনুশীলন শেষে জানালেন, চোট সেরে গেছে পুরোটাই। এখন প্রস্তুত ইংল্যান্ডের বিপক্ষে নিজেকে মেলে ধরতে।
দলের সবাই কি এসেছেন অনুশীলনে? বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের কাছে জানতে চাইলে তাঁর পাল্টা প্রশ্ন, ‘কোনটার কথা বলছেন, টেস্ট দল? দল তো এখনো ঘোষণাই হয়নি!’ তা ঠিক। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও টেস্ট দলে যাঁরা থাকতে পারেন, তাঁদের সবাই ছিলেন কালকের অনুশীলনে।
মুশফিকুর রহিম ঘণ্টা দুয়েক ব্যাটিং করেছেন দুই নেটে। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস—সবাই ঘাম ঝরিয়েছেন কমবেশি। বোলারদের মধ্যে ছিলেন আল আমিন-তাইজুল ইসলাম। তবে ব্যতিক্রম হচ্ছে তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের অনুশীলন। দুজনের নতুন এক অভিজ্ঞতা হয়েছে। তাসকিন অনেক আগে থেকেই জাতীয় দলে খেললেও এই প্রথম তাঁকে দেখা গেল বাংলাদেশ টেস্ট দলের অনুশীলনে। প্রথম দিনে নেটে ৮ ওভার বোলিং করেছেন ২১ বছর বয়সী পেসার। মিরাজের অবশ্য এখনো আন্তর্জাতিক আঙিনায় পা রাখা হয়নি। তবে তাঁর সামনেও আছে টেস্ট খেলার হাতছানি। ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটা দুজনের জন্যই যেন স্বপ্নের দুয়ার খোলার চাবি।