টেস্ট ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ফিফটি ওয়ার্নারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ার্নারের ঝড়টা থামল রেকর্ড গড়ার পরপরই। ছবি: রয়টার্স
ওয়ার্নারের ঝড়টা থামল রেকর্ড গড়ার পরপরই। ছবি: রয়টার্স

স্কোরটা দেখে ধন্দ কাটাতেই কিছুটা সময় লাগল। টি-টোয়েন্টিটা আসলে হচ্ছে কোথায়, তাসমান সাগরের এপারে না ওপারে? ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার রান বিনা উইকেটে ৬৬! না, সিডনিতে টেস্টই হচ্ছে। কিন্তু উইকেটে যখন ডেভিড ওয়ার্নারের মতো ব্যাটসম্যান, তখন এসব নিয়ে ভাবনার সময় কোথায়! টেস্ট ইতিহাসের দ্বিতীয় দ্রুততম ফিফটি করে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দুর্দান্ত এক শুরু এনে দিয়েছেন ওয়ার্নার।

ওয়ার্নারের এনে দেওয়া সে শুরুটা কাজে লাগিয়েছে পরের ব্যাটসম্যানরাও। মাত্র ৩২ ওভারে ২ উইকেটে ২৪১ রান তুলে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ৪৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দিন শেষে শারজিল খানকে হারিয়ে ৫৫ রান তুলেছে ৫৫ রান। আগামীকাল বৃষ্টি আবারও বিঘ্ন না ঘটালে জমজমাট একটা সমাপ্তির আশা করতেই পারেন সবাই। মেলবোর্ন টেস্টে নাটকীয়ভাবে পাকিস্তানের শেষ দিনে গুটিয়ে যাওয়ার স্মৃতি তো টাটকাই।

টেস্টে দ্রুততম ফিফটির রেকর্ড যাঁর, তিনি খুব কাছ থেকেই আজ ওয়ার্নার-ঝড় দেখলেন। মিসবাহ-উল-হকের ২১ বলে করা সে ফিফটিটি অস্ট্রেলিয়ার বিপক্ষেই। আজ মিসবাহর একটা সিদ্ধান্তের কারণেই দর্শকের সুযোগ হলো ওয়ার্নারের ঝড় দেখার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বল দেওয়া হলো ইয়াসির শাহকে। চতুর্থ দিনের উইকেটের সুবিধা নিতে লেগ স্পিনারকে বল দেওয়ার সিদ্ধান্ত। মনে মনে ধন্যবাদ দিয়েছেন কি না জানা নেই, তবে ব্যাটিংয়ে মনোভাব বোঝাতে দেরি করেননি অস্ট্রেলীয় ওপেনার। প্রথম ৯ বলে ৬ রান করেছিলেন, সেটা ১০ বলেই হয়ে গেল ১২। প্রথম বলটাতেই স্লগ সুইপ, এত জোরালো শট মাঠের এপাশে পড়ার কোনো সম্ভাবনাই নেই। পরের বলটাও ছক্কা, এবার মিড অন দিয়ে। পরের দুই বলে আবারও দুই চার।

ইয়াসির পরের ওভারটি করলেন অষ্টম ওভারে। প্রথম বলে উসমান খাজা ১ রান নিলেন। দ্বিতীয় বলটাকে ওড়ালেন মিড অফ দিয়ে, ছক্কা। ফিফটিটাও এল ওই শটে, মাত্র ২৩ বলে। এর আগের ওভারেই ইমরান খানকে টানা ৪ বলে মারা চারগুলোও যেন মনে থাকল না সে শটের পর। তখন হিসাব চলছে, টেস্টের প্রথম দিনেই যে কীর্তি করেছিলেন, ওরকমই কিছু করতে পারবেন কি না। সেদিন মধ্যাহ্ন বিরতির আগে সেঞ্চুরি করেছিলেন ইতিহাসে মাত্র পঞ্চম ব্যাটসম্যান হিসেবে। যেভাবে খেলছিলেন তাতে আজও এক সেশনে (দ্বিতীয়) সেঞ্চুরিটা পেতেন অনায়াসে। কিন্তু ওয়াহাব রিয়াজের একটা লেংথ বলে জায়গা করে মারতে গিয়ে বোল্ড হয়ে গেলেন। ২৭ বলে ৫৫ করে থামলেন ওয়ার্নার।

শেষ হলো ৫২ বলে ৭১ রানের উদ্বোধনী জুটিও। অন্য প্রান্তে থাকা উসমান খাজার রান তখন ২৬ বলে ১৩! নিয়মিত ওপেনার ম্যাট রেনশ নামতে না পারায় নেমেছেন খাজা।

ওয়ার্নার আউট হওয়ার পর ঝড় থামলেও ঠিকই অবিশ্বাস্য গতিতে রান তুলেছে অস্ট্রেলিয়া। ১৫.৫ ওভারে ১০০ ছোঁয়া অস্ট্রেলিয়ার দুই শ এসেছে ২৮.১ ওভারে! স্টিভ স্মিথ আউট হয়েছেন ৫৩ বলে ৫৯ রান করে। ৯৮ বলে ৭৯ রান করে অপরাজিত ছিলেন খাজা। আর চারে নামা হ্যান্ডসকম্ব অপরাজিত ছিলেন ২৫ বলে ৪০ করে। প্রথম ইনিংসের পর এ ইনিংসেও ‘সেঞ্চুরি’ করেছেন ইয়াসির। ১৪ ওভারে দিয়েছেন ১২৪ রান!

তাড়া করতে নেমে শারজিল পাল্টা আক্রমণ শুরু করলেও খুব বেশিক্ষণ চলেনি সেটা। ৩৮ বলে ৪০ রান করে অভিষিক্ত এই ওপেনার ক্যাচ দিয়েছেন নাথান লায়নের বলে। সিডনি টেস্ট বাঁচাতে পাকিস্তানকে অসম্ভব কিছু করতে হবে এখন। অবশ্য বৃষ্টির বাধা ছিল আজও, কালও থাকার সম্ভাবনা আছে। দিনের শুরুতে প্রথম ইনিংসে পাকিস্তান তিন শ পেরিয়েছে ইউনিস খানের সৌজন্যে। ২৭১ রানে দিন শুরু করা পাকিস্তান আজ আরও ৪৪ রান যোগ করেছে। এর ৩৯ রানই ইউনিসের। অন্য প্রান্তে সঙ্গীহারা হয়ে ১৭৫ রানে অপরাজিত ছিলেন ইউনিস।